পশ্চিম তীরে ইসরাইলের মারাত্মক সহিংসতা
হামলায় ১১ ফিলিস্তিনি শহীদ, 'ভয়াবহ ও বিপজ্জনক' বলছে হামাস
অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের কঠোর নিন্দা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ।
সমগ্র পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিমান ও স্থল হামলার কারণে আজ (বুধবার) অন্তত ১১ জন ফিলিস্তিনি শহীদ হন। দখলদার বাহিনী পশ্চিম তীরের বিরাট এলাকা জুড়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান পরিচালনা এবং পরিকাঠামো ধ্বংস করে। এরপর এই নিন্দা জানায় হামাস ও স্বশাসন কর্তৃপক্ষ।
ফারা শরণার্থী শিবিরে ইহুদিবাদীদের বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি শহীদ হন। অন্যদিকে, জেনিনে ইসরাইলের ড্রোন হামলায় বাকি ছয় ব্যক্তি মারা গেছেন। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা জেনিন এবং তুলকারাম এলাকায় ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান পরিচালনা করেছে।
হামাস এই সহিংসতাকে "চরমপন্থী ইহুদিবাদী মন্ত্রিসভার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সন্ত্রাসী দখলদার বাহিনীর একটি বাস্তব প্রচেষ্টা" বলে অভিহিত করেছে।
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনেহ ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ, তাদের ভূমি এবং তাদের পবিত্র স্থানগুলোর ওপর একটি "বিস্তৃত যুদ্ধ" অব্যাহত রেখেছে দখলদার সেনারা।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২৮