ইরানবিরোধী হামলা হলে এবার জবাব হবে কঠোরতর: পররাষ্ট্রমন্ত্রী আরাকচি
https://parstoday.ir/bn/news/event-i142326-ইরানবিরোধী_হামলা_হলে_এবার_জবাব_হবে_কঠোরতর_পররাষ্ট্রমন্ত্রী_আরাকচি
লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইসরাইল কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে তেহরান তার ‘কঠোরতর জবাব’ দেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৫, ২০২৪ ০৬:২৩ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইসরাইল কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে তেহরান তার ‘কঠোরতর জবাব’ দেবে।

তিনি চলমান ইসরাইলি আগ্রাসনের শিকার লেবানন সফরে গিয়ে শুক্রবার রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। 

আরাকচি বলেন, “আমরা আমাদের হামলা চালিয়ে যেতে চাই না। তবে ইহুদিবাদী ইসরাইল যদি নতুন করে ইরানবিরোধী কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই তার জবাব দেব এবং সে জবাব হবে আগের চেয়ে কঠোর।” আরাকিচ বলেন, এ ধরনের আগ্রাসনের ইরানি জবাব হবে ‘সমানুপাতিক ও সম্পূর্ণ হিসাব-নিকাশের ভিত্তিতে।’

ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরাইলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয়। ওই হুমকির প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পাল্টা এ হুঁশিয়ারি দিলেন।

ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের শিকার লেবাননের প্রতি সংহতি জানাতে বর্তমানে বৈরুত সফর করছেন আব্বাস আরাকচি। তিনি এমন সময় বৈরুত সফরে গেছেন যখন প্রায় প্রতিদিন ওই রাজধানী শহরের একাংশে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে মানবতার শত্রু  ইসরাইল। শুক্রবার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরিসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।