আইসিসির গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ ফ্রন্টের বিশাল বিজয়: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/event-i144098-আইসিসির_গ্রেফতারি_পরোয়ানা_প্রতিরোধ_ফ্রন্টের_বিশাল_বিজয়_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ইহুদিবাদী ইসরাইলে পণ্যসামগ্রী সরবরাহ বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৩, ২০২৪ ০৬:২২ Asia/Dhaka
  • সালামি
    সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ইহুদিবাদী ইসরাইলে পণ্যসামগ্রী সরবরাহ বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগ ইসরাইলি প্রধানমন্ত্রী ও সাবেক যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তিনি এ আহ্বান জানালেন।

আইসিসি বৃহস্পতিবার ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সম্প্রতি বরখাস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ওই পরোয়ানার অর্থ আইসিসি’র সদস্যভুক্ত ১২৪টি দেশের যেকোনোটি সফরে গেলে ওই দুই ইহুদিবাদী কর্মকর্তা আটক হতে পারেন। আটক করা গেলে তাদেরকে আইসিসির কাছে হস্তান্তর করতে হবে।

জেনারেল সালামি শুক্রবার তেহরানে এক বক্তৃতায় আইসিসির ওই পরোয়ানাকে ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের জন্য ‘বিশাল বিজয়’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল একঘরে হয়ে পড়েছে।

জেনারেল সালামি বলেন, “এর অর্থ ইহুদিবাদী সরকারের রাজনৈতিক পরাজয়। এখন থেকে আর মার্কিন কর্মকর্তারা ছাড়া আর কেউ ইসরাইল সফরে যাবে না।” তিনি মুসলিম দেশগুলোকে ইসরাইলের প্রতি সাহায্যের হাত বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, মুসলিম দেশগুলো এখন সাহায্য বন্ধ করলে ইসরাইলের পতন নিশ্চিত হয়ে যাবে।  তিনি বলেন, মুসলিম দেশগুলো ইসরাইলের জন্য তাদের জল, স্থল ও আকাশসীমা বন্ধ করে দিলেই তেল আবিব সম্পূর্ণ ধরাশায়ী হবে। #

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।