‘কারো মাত্রাতিরিক্ত দাবি মেনে নেব না’
তৃতীয় দেশকে আগ্রাসন চালানোর সুযোগই দেবে না ইরান ও রাশিয়া: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে দিয়েছে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রমাণ করে, তেহরান বা মস্কোর কেউই শত্রুর মাত্রাতিরিক্ত দাবি মেনে নিতে প্রস্তুত নয়। তিনি আরো বলেছেন, ইরান ও রাশিয়া আঞ্চলিক অঙ্গণে স্বচ্ছতা, নিরাপত্তা, উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম।
ইরানের প্রেসিডেন্ট সাম্প্রতিক রাশিয়া সফরের সময় দেশটির এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। সাক্ষাৎকারটি গতকাল (শুক্রবার) প্রচার করেছে ওই টিভি চ্যানেল।
সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার পাশাপাশি রেল, সড়ক, বাণিজ্য, জ্বালানী ও বিদ্যুৎ খাতে সহযোগিতা বিস্তারের লক্ষ্যে ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে।
ইরান ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা এবং ইরানে মার্কিন ও ইসরাইলি হামলার হুমকি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পেজেশকিয়ান বলেন, “চুক্তিতে বলা হয়েছে, ইরান বা রাশিয়ার কেউ যদি তৃতীয় কোনো দেশের হাতে আক্রান্ত হয়, তাহলে আমরা কোনো অবস্থায় আগ্রাসী দেশকে সহযোগিতা করব না বরং সে ধরনের কোনো হামলা ঘটার সুযোগই আমরা দেব না।”
সাক্ষাৎকারের অন্য অংশে গাজা উপত্যকা ও লেবাননের নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর ইহুদিবাদী ইসরাইলের গত এক বছরেরও বেশি সময়ের পাশবিকতার কথা তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, আন্তর্জাতিক আইনে যুদ্ধের সময়ও নিরপরাধ কোনো জনগোষ্ঠীর ওপর বোমা হামলা কিংবা গণহত্যা চালানোর অনুমতি নেই। কিন্তু আমেরিকা ও ইউরোপের পূর্ণ সহযোগিতা নিয়ে ইহুদিবাদী ইসরাইল এ কাজ করেছে।
ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে কিনা- এমন প্রশ্নের জবাব প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইহুদিবাদী সরকার ও তার পশ্চিমা মিত্ররা একথা বলে বিশ্বব্যাপী ইরান-ভীতি সৃষ্টি করতে চায় যে, দেশটি পরমাণু অস্ত্র তৈরি করতে চায়। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী, পরমাণু অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা তেহরানের হাতে নেই। আমরা অতীতেও গণবিধ্বংসী এই অস্ত্র তৈরির চেষ্টা করিনি এবং ভবিষ্যতেও করব না। #
পার্সটুডে/এসআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।