গাজার বেসামরিক নাগরিকদের হুমকির মুখে ফেলেছে অবিস্ফোরিত গোলাবারুদ
https://parstoday.ir/bn/news/event-i146830-গাজার_বেসামরিক_নাগরিকদের_হুমকির_মুখে_ফেলেছে_অবিস্ফোরিত_গোলাবারুদ
ইহুদিবাদী ইসরাইলের ব্যবহার করা অবিস্ফোরিত অস্ত্র ও গোলাবারুদ যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার হাজার হাজার বেসামরিক মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২৫ ১২:১৪ Asia/Dhaka
  • গাজা ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি
    গাজা ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি

ইহুদিবাদী ইসরাইলের ব্যবহার করা অবিস্ফোরিত অস্ত্র ও গোলাবারুদ যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার হাজার হাজার বেসামরিক মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে।

গতকাল (শনিবার) হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল- হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন-এর মাইন বিশেষজ্ঞ সাইমন এলমন্ট গাজায় ফেলে যাওয়া অস্ত্রের পরিমাণকে বিস্ময়কর বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই অস্ত্রের নয় থেকে ১৩ শতাংশ প্রাথমিক আঘাতে বিস্ফোরিত হয় না।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে তিনি বলেন, "এটি নিশ্চিত যে, অবিস্ফোরিত অস্ত্রের সংখ্যা হবে কয়েক হাজার।" সংস্থাটি জানিয়েছে, অবিস্ফোরিত অস্ত্রের বেশিরভাগই ধ্বংসস্তূপের মধ্যে এবং গাজা ভূখণ্ডের উপরিভাগে পড়ে আছে। এ অবস্থায় লাখ লাখ ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়িতে ফিরে জিনিসপত্র উদ্ধার করতে গেলে এবং ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য বাড়ি ফিরে আসার সাথে সাথে বহু মানুষের হতাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

সংস্থাটি বলেছে, গাজাকে অবিস্ফোরিত বোমা থেকে নিরাপদ করা বিশেষভাবে কঠিন কারণ দূষণমুক্ত করার জন্য গাজা থেকে জনসংখ্যা সরিয়ে নেয়া অসম্ভব।

গাজার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন ও গণহত্যার ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ১৫ মাসে কমপক্ষে ৪৮ হাজার ১৮১ জন ফিলিস্তিনি শহীদ এবং এক লাখ ১১ হাজার ৬৩৮ জন আহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৯