তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের তেহরান সফর
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তেহরান সফর করছেন।
তাঁর এই সফর আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের বিষয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের চলমান কূটনৈতিক কাঠামোর মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
আজ (রোববার) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের তেহরান সফরের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি হামানেহ আরও বলেন: হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সাথে সাক্ষাৎ ও কথা বলার পাশাপাশি, তেহরানে আরও কয়েকজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তার সাথে সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন।
বাকায়ি আরও জানান, এই আলোচনার কেন্দ্রবিন্দুতে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে।
এদিকে বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও, আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিষয়গুলো এই সফরে আলোচনা করা হবে। এই কূটনৈতিক সফরের নিয়মিত আলোচ্যসূচিতে অন্যতম বিষয় হল এই অঞ্চলের পরিস্থিতি, গাজা, পশ্চিম তীরে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতা, সেইসাথে লেবানন, সিরিয়াসহ এই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসন।
বাকায়ি বলেন: ইহুদিবাদী ইসরাইলের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয় এবং এই অঞ্চলের সকল দেশ এ বিষয়ে উদ্বিগ্ন। কাজেই কূটনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে ইসরাইলের কর্মকাণ্ড সমগ্র মানবতার জন্য হুমকিস্বরূপ।#
পার্সটুডে/এনএম/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।