জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিল এনসিপি-এলডিপি
https://parstoday.ir/bn/news/event-i155562-জামায়াতের_নেতৃত্বাধীন_৮_দলীয়_জোটে_যোগ_দিল_এনসিপি_এলডিপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
(last modified 2026-02-27T14:27:25+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২৫ ১৭:৩৫ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

আজ (রোববার) বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আট দল একসঙ্গে ছিল। আর দুটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেগুলো হলো এনসিপি ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি।

জামায়াতের আমির বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আরও দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে। তবে এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না।

শফিকুর রহমান জানান, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের বৈঠক হয়েছে। সেখানে তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছেন। তারা আজ রাতের মধ্যে সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেবেন। 

জামায়াত আমির বলেন, ৩০০ আসনেই নির্বাচনি সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে এবং প্রায় সব আসনে সমঝোতা চূড়ান্ত। শেষ পর্যায়ে যুক্ত হওয়া দুই দলের কারণে কিছু কারিগরি বিষয় রয়ে গেছে, যা মনোনয়ন দাখিলের পর পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এই জোট শুধু নির্বাচনি নয়—এটি রাজনৈতিক, আন্দোলন ও দেশ গঠনের জোট। জাতীয় স্বার্থে ও জাতীয় ইস্যুতে ভবিষ্যতেও দলগুলো একসঙ্গে কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সম্মেলনে উপস্থিত ছিলেন কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল বাছেত, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ৮ দলের শীর্ষ নেতারা।

গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)—এই ছয়টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জামায়াতসহ এই আটটি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেক দিন মাঠে ছিল। নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ায় এখানে দলের সঙ্গে সংখ্যা দাঁড়াল ১০টিতে।

এদিকে, জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা সামনে এসেছে, সে বিষয়ে আপত্তি জানিয়েছে এনসিপির ৩০ নেতা। তারা আহ্বায়ক নাহিদ ইসলামকে এই জোট থেকে সরে আসতে একটি চিঠি দিয়েছেন।

এ বিষয়ে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে।”  তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান স্বচ্ছ প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।

আজ (রোববার) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।

তিনি বলেন,“জামায়াতের সঙ্গে বহু বিষয়ে ঐকমত্য কমিশনের মাধ্যমে সমঝোতা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি।”#

পার্সটুডে/এমএআর/২৮