বিএনপির জনসভাস্থল কানায় কানায় পূর্ণ
চট্টগ্রামের ভাষায় তারেক রহমান বললেন, ‘অনেরা ক্যান আছন’
-
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বাংলাদেশের চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠের সমাবেশস্থলে হাজির হয়ে আঞ্চলিক ভাষায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বললেন, ‘অনেরা ক্যান আছন (আপনারা কেমন আছেন)।’ এরপর মঞ্চের ওপারে থাকা নেতা-কর্মীরা ‘ভালা আছি (ভালো আছি)’ বলে উত্তর দেন।
২০ বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিলেন তারেক রহমান। আজ (রোববার) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে ঢুকে শুরুতে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি মঞ্চে ওঠেন।
তারেক রহমান তার বক্তব্যে শুরুতে বলেন, ‘আজ আমরা সবাই একত্র হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্র হয়েছি। এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন।’
তারেক রহমান আরও বলেন, ‘এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।’
মাঠে উচ্ছ্বসিত জনতা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে ভোর থেকে মাঠে আসতে শুরু করেন নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। চট্টগ্রামের পাশাপাশি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা থেকে এসেছেন নেতা-কর্মীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা। মাঠে জড়ো হয়েছেন চট্টগ্রামসহ আশপাশের জেলা থেকে আসা বিপুল নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।
মাঠের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সিআরবি এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান৷ এ সময় চট্টগ্রামের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখান থেকে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে নগরের কাজীর দেউড়িস্থ পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে ওঠেন তারেক রহমান।
সমাবেশের চারপাশ নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সমাবেশের মঞ্চে দুটি ফটকে তল্লাশি করে মঞ্চে তোলা হচ্ছে। রেড জোন ইয়োলো জোনে কড়াকড়ি আরোপ করা হয়েছে।#
পার্সটুডে/জিএআর/২৫