পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের নিন্দা জানালো পাকিস্তান
-
পশ্চিম তীর
পার্সটুডে-পশ্চিম তীরে আধিপত্য বিস্তার এবং অবৈধ বসতি সম্প্রসারণের জন্য দখলদার ইসরায়েলের অবৈধ পদক্ষেপকে পাকিস্তান সরকার প্রত্যাখ্যান করেছে।
সেইসাথে তেল আবিবকে জবাবদিহি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কার্যকর প্রতিক্রিয়া দাবি করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান দখলদার ইসরাইল পশ্চিম তীরের এলাকাগুলোকে তথাকথিত রাষ্ট্রীয় সম্পত্তিতে রূপান্তর করতে এবং অবৈধ বসতি কার্যক্রম সম্প্রসারণ করতে দখলদার ইসরায়েলের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে: এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক নীতিমালার পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তা প্রত্যাখ্যান করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে: আন্তর্জাতিক আইনের প্রতি তেল আবিব দখলদার সরকারের অব্যাহত অবজ্ঞা এবং এর উস্কানিমূলক কর্মকাণ্ড এই অঞ্চলে ন্যায়সঙ্গত, ব্যাপক এবং স্থায়ী শান্তির সম্ভাবনাকে দুর্বল করে দেয়।
পাকিস্তান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি দায়মুক্তি বন্ধ করার এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
পাকিস্তান ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে কুদসকে রাজধানী করে একটি স্বাধীন, কার্যকর এবং সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।#
পার্সটুডে/এনএম/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।