আফগানিস্তানে পাক বিমান হামলা: ১১ শিশুসহ নিহত ১৭, যথাসময়ে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার তালেবানের
https://parstoday.ir/bn/news/event-i157250-আফগানিস্তানে_পাক_বিমান_হামলা_১১_শিশুসহ_নিহত_১৭_যথাসময়ে_প্রতিশোধ_নেয়ার_অঙ্গীকার_তালেবানের
পার্স-টুডে: পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের সেনাবাহিনী আফগানিস্তানের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। দেশজুড়ে সাম্প্রতিক হামলাগুলোতে হাত থাকতে পারে এমন সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
(last modified 2026-02-23T12:18:33+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১৬:০২ Asia/Dhaka
  • আফগানিস্তানে পাক-বিমান হামলা
    আফগানিস্তানে পাক-বিমান হামলা

পার্স-টুডে: পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের সেনাবাহিনী আফগানিস্তানের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। দেশজুড়ে সাম্প্রতিক হামলাগুলোতে হাত থাকতে পারে এমন সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ প্রকাশিত এক বিবৃতিতে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে যে সশস্ত্র বাহিনী পাকিস্তান তালেবান, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামেও পরিচিত, এবং এর সহযোগী সংগঠনগুলোর সাতটি শিবির ও আস্তানায় "গোয়েন্দা তথ্য-ভিত্তিক ও বাছাইকৃত অভিযান" চালিয়েছে।

ওই মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের কাছে "অকাট্য প্রমাণ" আছে যে সশস্ত্র যোদ্ধারা ইসলামাবাদসহ উত্তর-পশ্চিম বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো চালিয়েছে "তাদের আফগানিস্তান-ভিত্তিক নেতৃত্ব ও পরিচালকদের নির্দেশে"। 

এতে আরও বলা হয়েছে যে পাকিস্তান বারবার আফগানিস্তানের তালেবান সরকারকে আফগান ভূখণ্ড ব্যবহার করে হামলা চালিয়ে আসা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছে, কিন্তু কাবুল এখনও "কোনও বাস্তব পদক্ষেপ" নেয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, "পাকিস্তান সর্বদা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রচেষ্টা চালিয়েছে," তবে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রয়ে গেছে।"

রোববার এক বিবৃতিতে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে যে পাকিস্তান নাঙ্গারহার এবং পাকতিকা প্রদেশে "একটি ধর্মীয় স্কুল এবং আবাসিক বাড়িতে আঘাত করেছে", যার ফলে "নারী ও শিশু সহ কয়েক ডজন বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে।" নিহতদের ১৭ জন শিশু এবং ৬ জন নারী ও পুরুষ। নানগারহার প্রদেশের বেহসুদ জেলায় হামলার একটি ঘটনা ঘটেছে বলে আফগান সূত্রে বলা হয়েছে।  

'আমরা পাকিস্তানি সামরিক বাহিনীকে বেসামরিক নাগরিক ও ধর্মীয় স্থাপনায় হামলার জন্য দায়ী করছি' বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।  বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা যথাসময়ে এসব হামলার জবাব সংযত ও উপযুক্ত উপায়ে দেব।”

পাকিস্তানের ভেতরে একাধিক প্রাণঘাতী হামলার পর পূর্ব আফগানিস্তানে এসব বিমান হামলা চালানো হয়। বিমান হামলার কয়েক ঘণ্টা আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি নিরাপত্তা বহরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়, এতে একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সৈন্য নিহত হন।

সোমবার, বন্দুকধারীদের সহায়তায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি যান নিয়ে নিরাপত্তা চৌকিতে আঘাত করে বাজাউর এলাকায় হামলা চালায়, এতে ১১ জন সৈন্য ও এক শিশু নিহত হয়। পরে কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ছিল একজন আফগান নাগরিক।

এর আগে, ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের তারলাই কালান এলাকায় খাদিজাতুল কুবরা মসজিদে জোহরের নামাজের সময় এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন মুসল্লি নিহত এবং আরও ১৭০ জন আহত হন। 

ওই হামলার দায় স্বীকার করে দায়েশ। সে সময় পাকিস্তানি সামরিক বাহিনী জানায়, “এই হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ ও মতাদর্শিক প্রভাব বিস্তার আফগানিস্তানে হয়েছে।”

সাম্প্রতিক এই সহিংসতা গত বছরের অক্টোবরে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই প্রতিবেশীর মধ্যে হওয়া নাজুক যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে; ওই সংঘর্ষে বহু সৈন্য, বেসামরিক নাগরিক এবং সন্দেহভাজন যোদ্ধা নিহত হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে, যার জন্য দেশটি টিটিপি এবং নিষিদ্ধ ঘোষিত বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করছে ইসলামাবাদ। ইসলামাবাদ বলছে, টিটিপি আফগানিস্তানের ভেতর থেকে কার্যক্রম চালায়—যদিও এ অভিযোগ গোষ্ঠীটি অস্বীকার করেছে। #
 

পার্স টুডে/এমএএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।