পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী: তামিলনাড়ুতে সরকার গড়ছে টিভিকে
https://parstoday.ir/bn/news/event-i159254-পশ্চিমবঙ্গের_মুখ্যমন্ত্রী_হচ্ছেন_শুভেন্দু_অধিকারী_তামিলনাড়ুতে_সরকার_গড়ছে_টিভিকে
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁর নামটিই বেশি আলোচনায় ছিল।
(last modified 2026-05-08T12:44:34+00:00 )
মে ০৮, ২০২৬ ১৮:৩৮ Asia/Dhaka
  • শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
    শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁর নামটিই বেশি আলোচনায় ছিল।

আজ শুক্রবার রাজ্য বিজেপির বিধায়কদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিধায়কদের সঙ্গে বৈঠকের পর অমিত শাহ সাংবাদিকদে বলেন, ‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনো দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।’

এবার বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে হারান শুভেন্দু। আবার আরকেটি আসন নন্দীগ্রামেও জয় লাভ করেন তিনি।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যাকে হারান ১৯৫৬ ভোটে। নিজের ঘরের মাঠে মমতাকে হারানোর পর এবার মমতার পাড়ায় এসে তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু।

থালাপতি বিজয়, কংগ্রেসবামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে

টিভিকে নেতা থালাপতি বিজয়

এদিকে, ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন করছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম  বা টিভিকে। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে ও বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে সরকার গঠন করছে তারা।

আজ শুক্রবার বিকেলে দলগুলো টিভিকেকে সমর্থন জানিয়েছে। এর মধ্য দিয়ে গত চার দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা অচলাবস্থার অবসান ঘটেছে।

গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পায় চিত্রনায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় ১০৭টি আসন। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। তামিলনাড়ুতে প্রভাবশালী দুই দল ডিএমকে ও এআইএডিএমকে নিজেদের মধ্যে বিভেদ ঘুচিয়ে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের আলোচনা শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত থালাপতি বিজয়ই শেষ হাসি হাসছেন।#

পার্সটুডে/জিএআর/৮