তৃণমূলের সংসদীয় দলের বৈঠক বাতিল, ৮০ বিধায়কের মধ্যে উপস্থিত মাত্র ১৮ জন
https://parstoday.ir/bn/news/event-i159882-তৃণমূলের_সংসদীয়_দলের_বৈঠক_বাতিল_৮০_বিধায়কের_মধ্যে_উপস্থিত_মাত্র_১৮_জন
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের ডাকা গুরুত্বপূর্ণ এক বৈঠক পর্যাপ্ত বিধায়ক উপস্থিত না হওয়ায় বাতিল করতে হয়েছে। ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ১৮ জন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত হন।
(last modified 2026-05-31T12:18:13+00:00 )
মে ৩১, ২০২৬ ১৮:১০ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের ডাকা গুরুত্বপূর্ণ এক বৈঠক পর্যাপ্ত বিধায়ক উপস্থিত না হওয়ায় বাতিল করতে হয়েছে। ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ১৮ জন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত হন।

দলীয় সূত্র বলছে, রবিবার এই বৈঠক ডেকেছিলেন তৃণমূল পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকের গুরুত্ব বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিও প্রত্যাশা করা হয়েছিল। তবে পর্যাপ্ত সংখ্যক বিধায়ক না আসায় কোরাম পূরণ হয়নি এবং শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল করা হয়।

তৃণমূলের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ অবশ্য ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার পর অনেক বিধায়ক বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের অভিযোগও রয়েছে। এসব কারণেই বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ আসে এবং শেষ পর্যন্ত বৈঠক বাতিল করা হয়।

তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় সোমবার থেকে ব্লক পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

তবে দলীয় অন্দরেই এ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, যদি আগেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে মাত্র ১৮ জন বিধায়ক কেন কালীঘাটে উপস্থিত হয়েছিলেন।

যেসব বিধায়ক উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, রুকবানুর রহমান, অশোক দেব, গুলশান মল্লিক, আব্দুর রহিম বকশী ও তোরাফ হোসেন মণ্ডল।#

পার্সটুডে/এমএআর/৩১