‘কাজ করা যাচ্ছে না’—কলকাতার মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন ফিরহাদ হাকিম
https://parstoday.ir/bn/news/event-i160042-কাজ_করা_যাচ্ছে_না’_কলকাতার_মেয়র_পদ_থেকে_সরে_দাঁড়ালেন_ফিরহাদ_হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। আজ (শুক্রবার) কলকাতা পুরসভায় সংবাদ সম্মেলন করে তিনি তাঁর পদত্যাগের ঘোষণা দেন। পরে পুরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ০৫, ২০২৬ ১৬:৫৯ Asia/Dhaka
  •  ফিরহাদ হাকিম
    ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। আজ (শুক্রবার) কলকাতা পুরসভায় সংবাদ সম্মেলন করে তিনি তাঁর পদত্যাগের ঘোষণা দেন। পরে পুরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।

২০১৮ সালের ৩ ডিসেম্বর কলকাতার মেয়রের দায়িত্ব গ্রহণ করেছিলেন ফিরহাদ হাকিম। প্রায় সাড়ে সাত বছর দায়িত্ব পালনের পর মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই তিনি পদ ছাড়লেন। তাঁর এই সিদ্ধান্তকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফিরহাদ বলেন, ‘দাপটের সঙ্গে কাজ করেছি। মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ারে বসে থাকলাম অথচ কাজ করার ক্ষমতা নেই, তা হতে পারে না। তাই আমি ইস্তফা দিচ্ছি।’

তিনি বলেন, মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য তিনি তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। পদত্যাগের বিষয়ে মমতার সম্মতি রয়েছে বলেও জানান তিনি।

তৃণমূলের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষও জানিয়েছেন, ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরেই মেয়র পদ ছাড়ার ইচ্ছার কথা দলীয় নেতৃত্বকে জানিয়ে আসছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করা সম্ভব হচ্ছে না বলে তিনি দলীয় নেত্রীর কাছে মতামত দেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পদত্যাগে সম্মতি দেন।

ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। শোভন চট্টোপাধ্যায়ের পর ২০১৮ সালে তিনি কলকাতার মেয়র হন। ২০২১ সালেও একই ওয়ার্ড থেকে পুনর্নির্বাচিত হন।

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। একের পর এক পুর বোর্ড ভেঙে যাওয়ার পাশাপাশি কলকাতা পুরনিগমেও প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছিল। এই পরিস্থিতিতে ফিরহাদের পদত্যাগকে কলকাতার স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কলকাতা পুরসভার ঐতিহাসিক ‘লালবাড়ি’তে ফিরহাদ হাকিমের বিদায়ের মাধ্যমে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হতে পারে। তবে তাঁর উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।#

পার্সটুডে/এমএআর/৫