হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাবার প্রস্তাব ফিরিয়ে দিল সিরিয়া
-
আহমেদ আশ-শারা
পার্সটুডে- সিরিয়ার অন্তর্বর্তীকালীন শাসক আহমেদ আশ-শারা লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের সম্ভাবনা প্রত্যাখ্যান করে বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা তার দেশের নেই।
তাবনাকের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ‘দামেস্ক লেবাননে হিজবুল্লাহর মোকাবিলার দায়িত্ব নিতে পারে এবং এই দায়িত্ব সিরিয়াকে অর্পণ করার কথা বিবেচনা করছি’- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর, সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রবিবার রাতে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাতে জড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
রবিবার ফক্স নিউজে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন লেবাননে চলমান যুদ্ধ এবং দেশটিতে ইসরায়েলি হামলা সুইজারল্যান্ডে চলমান মার্কিন-ইরান আলোচনার ওপর প্রভাব ফেলেছে।
রবিবার, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে বাফার জোন বজায় রাখার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী লেবানন সরকারের সঙ্গে আলোচনা জোরদার করার জন্য ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে। এই সপ্তাহে দুই পক্ষের আবারও বৈঠকে বসার কথা রয়েছে।
ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স উভয়েই লেবাননে ইসরায়েলের আচরণ নিয়ে বারবার অভিযোগ করেছেন এবং এটিকে ইরানের সঙ্গে আলোচনা ব্যাহত করতে পারে এমন একটি কারণ হিসেবে তুলে ধরেছেন। রবিবার সকালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে একটি পোস্টে হিজবুল্লাহর তীব্র সমালোচনা করেন, কিন্তু তিনি লেবাননে হামলায় বেসামরিক হতাহতের ঘটনা এবং হিজবুল্লাহকে আরও আগে পরাজিত করতে না পারার জন্য ইসরায়েলকেই দায়ী করেন।
হিজবুল্লাহর সঙ্গে আলোচনায় বসবেন কিনা জানতে চাইলে আশ-শারা বলেন: “যদি এটা লেবানন ও সিরিয়ার স্বার্থে হয়, তাহলে কেন নয়?”#
পার্সটুডে/এমআরএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।