ইরান আসছেন বাংলাদেশের স্পিকার ও জামায়াতের সংসদীয় প্রতিনিধিদল
https://parstoday.ir/bn/news/event-i160910-ইরান_আসছেন_বাংলাদেশের_স্পিকার_ও_জামায়াতের_সংসদীয়_প্রতিনিধিদল
ইরানের ইসলামী বিপ্লবের নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে তেহরান আসছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল।
(last modified 2026-06-30T15:08:00+00:00 )
জুন ৩০, ২০২৬ ১৮:১৫ Asia/Dhaka
  • (বাঁ থেকে) অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সাইয়্যেদ আলী খামেনেয়ী ও হাফিজ উদ্দিন আহমদ
    (বাঁ থেকে) অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সাইয়্যেদ আলী খামেনেয়ী ও হাফিজ উদ্দিন আহমদ

ইরানের ইসলামী বিপ্লবের নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে তেহরান আসছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল।

আজ (মঙ্গলবার) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্পিকারের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আগামী ২ জুলাই ঢাকা থেকে ইরানের উদ্দেশ্যে রওনা করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ।

এদিকে, ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। প্রতিনিধিদলের অপর সদস্যগণ হলেন জনাব মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান। জামায়াতের এই প্রতিনিধিদলটি আগামী ৯ জুলাই ২০২৬ পর্যন্ত ইরান সফর করবে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করতেই তাদের এই সফর। সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। একই সাথে, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য জামায়াতের পক্ষ থেকে ইরান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি ইরান-জুড়ে এবং ইরাকে ছয় দিনের জানাজা ও শোকানুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি পাঁচটি শহরজুড়ে অনুষ্ঠিত হবে। ৪ জুলাই তেহরানে দুই দিনের বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে এটি শুরু হবে এবং ৯ জুলাই মাশহাদে দাফনের মাধ্যমে শেষ হবে।

কমিটির মুখপাত্রের মতে, জানাজার কর্মসূচি শুরু হবে ৪ জুলাই (শনিবার) এবং ৫ জুলাই (রবিবার) তেহরানের ইমাম খোমেনী মোসাল্লায় অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ী শহীদ হন। ইরানের কর্তৃপক্ষ আশা করছে, এই জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম ঘটবে।#  

পার্সটুডে/এমএআর/৩০