আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, কার্যক্রম শুরুর অনুমতি
বাংলাদেশের রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির সব কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
আজ (সোমবার) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটলে দেশজুড়ে চরম আলোচনা-সমালোচনা শুরু হয়। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত প্রাথমিক তদন্তের ভিত্তিতে গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ আপিল ও বিস্তারিত বিবরণী দাখিল করে।
আপিলের প্রেক্ষিতে বিষয়টি পুনঃতদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে দেওয়া নির্দেশনার ভিত্তিতে গত ১৫ জুলাই তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। সেই তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে সন্তোষজনক মনে হওয়ায় সরকার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসে।
হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে প্রজ্ঞাপনে তিনটি প্রধান শর্ত উল্লেখ করা হয়েছে:
১. দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২–এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে
২. লাইসেন্সের নিয়ম মেনে পর্যাপ্ত ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
৩. ভবিষ্যতে লাইসেন্সের যেকোনো শর্ত পূরণে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আইনানুযায়ী যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
পার্সটুডে/এমএআর/২৭