ঘৃণ্য যুদ্ধের সেনা ও অর্থদাতা হবেন না: মার্কিন নাগরিকদের প্রতি ইরান
https://parstoday.ir/bn/news/event-i162786-ঘৃণ্য_যুদ্ধের_সেনা_ও_অর্থদাতা_হবেন_না_মার্কিন_নাগরিকদের_প্রতি_ইরান
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নিজেদের এমন একটি যুদ্ধের পদাতিক সৈন্য এবং যুদ্ধব্যয়ের বিল পরিশোধকারী হিসেবে ব্যবহৃত হতে না দেন, যে যুদ্ধ কখনোই তাদের নিজেদের পছন্দ বা সিদ্ধান্ত ছিল না।
(last modified 2026-09-05T12:19:47+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৬ ১০:৪৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নিজেদের এমন একটি যুদ্ধের পদাতিক সৈন্য এবং যুদ্ধব্যয়ের বিল পরিশোধকারী হিসেবে ব্যবহৃত হতে না দেন, যে যুদ্ধ কখনোই তাদের নিজেদের পছন্দ বা সিদ্ধান্ত ছিল না।

পার্সটুডে ইরানের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সংবাদ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় একটি ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত নিবন্ধের কথা উল্লেখ করেন। ওই নিবন্ধে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে ব্যাংকিং ব্যবস্থার কাছে ঋণগ্রস্ত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে নিয়োগের উৎস হিসেবে ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছিল।

বাকায়ি লিখেছেন: “আমেরিকানরা, অনুগ্রহ করে নিজেদের কাছে শুধু একটি প্রশ্ন করুন: কেন আপনাদের ছেলে-মেয়েদের ব্যাংকঋণ মওকুফের প্রতিশ্রুতি দেয়া হবে, যার বিনিময়ে তারা এমন একটি যুদ্ধে লড়াই করতে যাবে এবং নিহত হবে যে যুদ্ধ ইসরায়েল অব্যাহত ও আরও বিস্তৃত করতে চায়?”

তিনি আরও বলেছেন, ‘জেরুজালেম পোস্ট’ প্রকাশ্যেই ঠিক এই উদ্যোগ নিয়ে আলোচনা করেছে— শিক্ষার্থী ঋণ এবং ক্রেডিট কার্ডের দেনাকে ব্যবহার করে ঋণগ্রস্ত আমেরিকানদের মধ্য থেকে সৈন্য নিয়োগ করা এবং তাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফ্রন্টে পাঠানো!

এর অর্থ হলো, অন্যদের যুদ্ধের জন্য আপনাদের জীবন এবং আপনাদের করের অর্থকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা।

বাকায়ি জোর দিয়ে বলেন, আপনাদের এমন যুদ্ধের ফ্রন্টের পদাতিক সৈন্য এবং সেই যুদ্ধের খরচের বিলদাতা হতে দেবেন না— যে যুদ্ধ কখনোই আপনাদের নিজেদের পছন্দ ছিল না। নিজ সন্তানদেরকে তাদের অবৈধ যুদ্ধের ভাড়াটে যোদ্ধায় পরিণত হতে দেবেন না। #

পার্সটুডে/এমএআর/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।