ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির
https://parstoday.ir/bn/news/event-i162988-ভারতে_ব্রিকস_সম্মেলনে_যাচ্ছেন_না_বাংলাদেশের_প্রধানমন্ত্রী_হুমায়ুন_কবির
ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার) ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
(last modified 2026-09-10T11:13:12+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১৬:৫৯ Asia/Dhaka
  • হুমায়ুন কবির
    হুমায়ুন কবির

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার) ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রিকসের অষ্টাদশতম শীর্ষ সম্মেলন। ভারতই এই সম্মেলনের আয়োজক।

কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী

হুমায়ুন কবির বলেন, সম্মেলনে অংশ নিতে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে আমন্ত্রণ জানালেও, সেই আমন্ত্রণপত্রে তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্বোধন করা হয়েছে। এই বিষয়টি ভালোভাবে নেয়নি ঢাকা।

প্রতিমন্ত্রী প্রশ্ন তোলেন, বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? তাঁর ভাষায়, প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ না পাওয়ায় এই সম্মেলনে যোগদানের প্রশ্নই আসে না।

দ্বিপাক্ষিক সফরে জোর

বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সফরেই বেশি গুরুত্ব দিচ্ছে ঢাকা—এমনটাই জানান হুমায়ুন কবির। তিনি বলেন, পরিবেশ অনুকূল হলে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সফর হবে। এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

গঙ্গা পানি চুক্তি ও বাণিজ্য প্রসঙ্গ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ জড়িত যেকোনো বিষয়ে গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে সরকার। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা যা-ই প্রচার করুক না কেন, দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

বাণিজ্য প্রসঙ্গে তিনি জানান, দ্বিপাক্ষিক আলোচনা চলমান থাকলেও এই মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো তথ্য জানানোর মতো অগ্রগতি নেই।

রোহিঙ্গা প্রসঙ্গে মন্তব্য

রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে হুমায়ুন কবির বলেন, এত জটিল একটি বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। ধৈর্য ধরে কূটনৈতিক তৎপরতা দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার ওপর জোর দেন তিনি। তাঁর ভাষায়, রাতারাতি সমাধানের প্রতিশ্রুতি দেওয়া না গেলেও, দ্রুতই একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।#

পার্সটুডে/এমএএআর/১০