হুথিদের হাতে শত শত সৌদি ভাড়াটে সেনা নিহত, লোহিত সাগরের উপকূল মুক্ত
https://parstoday.ir/bn/news/event-i163030-হুথিদের_হাতে_শত_শত_সৌদি_ভাড়াটে_সেনা_নিহত_লোহিত_সাগরের_উপকূল_মুক্ত
পার্সটুডে: সৌদি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযান সম্পর্কে বিস্তারিত জানিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, এ অভিযানে ৫,৪০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা মুক্ত করা হয়েছে এবং শত্রু বাহিনীর ৩৮টি ব্রিগেড নিয়ে গঠিত সাতটি সামরিক ডিভিশনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
(last modified 2026-09-13T07:03:43+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১০:৪৪ Asia/Dhaka
  • ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি
    ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি

পার্সটুডে: সৌদি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযান সম্পর্কে বিস্তারিত জানিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, এ অভিযানে ৫,৪০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা মুক্ত করা হয়েছে এবং শত্রু বাহিনীর ৩৮টি ব্রিগেড নিয়ে গঠিত সাতটি সামরিক ডিভিশনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, ৩ সেপ্টেম্বর জনগণ ও মুক্ত উপজাতিগুলোর ব্যাপক অংশগ্রহণে আমরা একটি অভিযান শুরু করি। পশ্চিম উপকূলের কয়েকটি এলাকা থেকে সৌদি ভাড়াটে বাহিনীকে বিতাড়িত করার লক্ষ্যে বিভিন্ন দিক থেকে এই বৃহৎ ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, দেশটির সামরিক ইউনিটগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমাঞ্চলীয় হুদায়দাহ ও তাইজ প্রদেশে শত শত কিলোমিটার ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সৌদি-সমর্থিত ভাড়াটে বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের আঘাত হেনে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীর দিকে দ্রুত অগ্রসর হচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার বিকেলে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জানান, ইয়েমেনি সেনারা এবং পপুলার কমিটির মিত্র যোদ্ধারা দুই প্রদেশের ছয়টি জেলা থেকে সৌদি-সমর্থিত ভাড়াটে বাহিনীকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে এবং ৫,৪০০ বর্গকিলোমিটার এলাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণমুক্ত করেছে। 

তিনি বলেন, সৌদি শত্রু বাহিনী তাইজ ও হুদায়দাহ প্রদেশের ছয়টি এলাকা থেকে বিতাড়িত হয়েছে; এসব এলাকার আয়তন  ৫,৪০০ বর্গকিলোমিটারেরও বেশি। আল্লাহর অনুগ্রহে বর্তমানে এসব এলাকা নিরাপদ ও স্থিতিশীল রয়েছে।

তিনি জানান, এই সাফল্য অর্জিত হয়েছে ‘আল্লাহ শক্তিতে মহান এবং শাস্তি প্রদানে অধিক শক্তিশালী’ নামে পরিচালিত একটি বৃহৎ সামরিক অভিযানের অংশ হিসেবে।

সারি আরও বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও তাদের মিত্ররা সৌদি-সমর্থিত ভাড়াটে বাহিনীর সাতটি ডিভিশনকেও পরাজিত করেছে। এসব ডিভিশনের আওতায় ছিল ৩৮টি ব্রিগেড। এতে সৌদি সরকারের মদদপুষ্ট শত শত ভাড়াটে যোদ্ধা হতাহত হয়েছে এবং আরও অনেকে বন্দি হয়েছে। (এক ডিভিশনে সাধারণত ১৫ হাজার সেনা থাকে)

এ ছাড়া ইয়েমেনি বাহিনী পশ্চিম উপকূলে বিপুলসংখ্যক বন্দিকে মুক্ত করেছে, যারা সৌদি ভাড়াটে বাহিনীর তত্ত্বাবধানে থাকা আটককেন্দ্রগুলোতে অমানবিক অবস্থায়  বছরের পর বছর বন্দি ছিল।

সারি আরও জানান, ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ৩২টি অভিযান পরিচালনা করেছে এবং অনুপ্রবেশকারী সৌদি বিমানবাহিনীর নয়টি বিমানকে প্রতিহত ও ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, সৌদি ভাড়াটে বাহিনী ইয়েমেনের ভূখণ্ডের ওপর আধিপত্য প্রতিষ্ঠা ও তা দখলের চেষ্টা করতে গিয়ে ইয়েমেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, সৌদি শত্রুপক্ষের ব্যাপক বিমান সহায়তা এবং তাদের ভাড়াটে বাহিনীর প্রতি ব্যাপক সমর্থন থাকা সত্ত্বেও অভিযানটি সম্পূর্ণ সফল হয়েছে এবং এই বিমান সহায়তা অভিযানের গতিপথে কোনো প্রভাব ফেলতে পারেনি।

তিনি ইয়েমেনের সাহসী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ ও মাতৃভূমি রক্ষার পথে তাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রশংসা করেন।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র পুনর্ব্যক্ত করেন যে, লোহিত সাগর দিয়ে সব ধরনের জাহাজের চলাচল অব্যাহত থাকবে; তবে সৌদি আরব থেকে আসা পণ্যবাহী চালান এর ব্যতিক্রম এবং সেগুলোর ওপর নৌ অবরোধ কার্যকর থাকবে।

তিনি বলেন, ইয়েমেনি সামরিক বাহিনী ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা সৌদি সামরিক সমাবেশ ও প্রস্তুতিকে লক্ষ্যবস্তু করবে এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকা ও অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে হামলা জোরদার করবে।

২০ জুলাই সানা সরকার ইয়েমেনের ওপর প্রায় ১২ বছর ধরে চলা ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধের’ জবাবে সৌদি আরবের বিরুদ্ধে একটি সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছিল।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী কৌশলগত লোহিত সাগরীয় বন্দরনগরী মোখা দখল করেছে

এই ঘোষণাটি পশ্চিম উপকূল বরাবর আনসারুল্লাহ ইউনিটসহ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক দ্রুত ভূখণ্ডগত সাফল্যের সর্বশেষ ঘটনা।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে একাধিক সফল অভিযান পরিচালনার কথাও জানিয়েছে।

২০১৫ সালের মার্চে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করে এবং দেশটির বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশ সামরিক, রাজনৈতিক ও লজিস্টিক সহায়তার মাধ্যমে ওই অভিযানে মদদ দিয়েছিল।

দশ হাজারেরও বেশি ইয়েমেনি এই যুদ্ধে প্রাণ হারিয়েছে; তবে সৌদি আরব তার প্রধান লক্ষ্য তথা সৌদি সরকারের স্বার্থে কাজ করবে- এমন একটি পুতুল সরকারকে পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে ব্যর্থ হয়।  #

পার্সটুডে/এমএআর/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।