সালমানের বক্তব্য ঘিরে বিতর্ক, বিএনপিকে 'চাঁদাবাজ' বলার সমালোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/event-i163548-সালমানের_বক্তব্য_ঘিরে_বিতর্ক_বিএনপিকে_'চাঁদাবাজ'_বলার_সমালোচনা_স্বরাষ্ট্রমন্ত্রীর
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ বক্তব্য দিলে তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
(last modified 2026-09-30T12:06:39+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১৮:০৪ Asia/Dhaka
  • সালাহউদ্দিন আহমেদ
    সালাহউদ্দিন আহমেদ

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ বক্তব্য দিলে তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ (বুধবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে সংঘটিত ভাঙচুর ও হামলার ঘটনায় কোনো চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি। অথচ এ ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সালমান মুক্তাদির নিজেই বলেছেন, তার কাছে কোনো চাঁদা চাওয়া হয়নি। কিন্তু এরপরও বিএনপিকে চাঁদাবাজ বলা হয়েছে। এ ধরনের বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। সরকারকে ঢালাওভাবে দোষারোপ করা বা রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার বিষয়টি জনগণই বিচার করবে।”

তিনি জানান, "নিউগিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে। এখানে যে-ই জড়িত থাকুক, সে নিউগিনি প্রপার্টিজের হোক কিংবা পার্শ্ববর্তী জমির মালিক হোক, সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে। খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রাজধানীর মাটিকাটা এলাকায় জমি দখলের অভিযোগ এবং মামলা গ্রহণে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দুর্বৃত্ত তো দুর্বৃত্তই। কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। রাতের অন্ধকারে জমি দখলের ঘটনার খবর পেয়ে ৯৯৯-এ ফোনের সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গেছে, গ্রেপ্তার করেছে এবং আলামত সংগ্রহ করেছে।”

তিনি বলেন, যেকোনো এজাহার মামলা হিসেবে নিবন্ধনের আগে পুলিশকে প্রাথমিক তদন্ত করতে হয়। অন্যথায় ভিত্তিহীন অভিযোগও মামলা হিসেবে নথিভুক্ত হয়ে যেতে পারে। “

আইনের বিষয়গুলো না বুঝে অনেকেই মন্তব্য করেন। এজাহারে যা লেখা আছে সেটাই যদি সরাসরি মামলা হিসেবে নেওয়া হয়, তাহলে যেকোনো ব্যক্তি যেকোনো অভিযোগ এনে মামলা করতে পারবেন।”

রাড্ডা ক্লিনিকের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই ঘটনায় কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগও তদন্তাধীন রয়েছে। সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।

মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে এটি সমন্বয়হীনতার ফল বলে মনে হচ্ছে। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশের মধ্যে যথাযথ যোগাযোগের ঘাটতি ছিল।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সরকার জননিরাপত্তা নিশ্চিত এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা সমীচীন নয়।”

পার্সটুডে/এমএআর/৩০