বিএনপির প্রার্থী বললেন, দয়া করে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না
https://parstoday.ir/bn/news/event-i156812-বিএনপির_প্রার্থী_বললেন_দয়া_করে_১২_তারিখ_পর্যন্ত_চাঁদাবাজি_করবেন_না
বাংলাদেশের চট্টগ্রাম–১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে চাঁদাবাজদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
(last modified 2026-02-07T12:22:20+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২৬ ১৮:১৮ Asia/Dhaka
  • বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম
    বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম

বাংলাদেশের চট্টগ্রাম–১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে চাঁদাবাজদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

গতকাল (শুক্রবার) রাতে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধনের সময় এ অনুরোধ জানান তিনি। তাঁর এই বক্তব্যের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমন কেউ একজন ভিডিওটি ধারণ করেছেন।

গতকাল রাত ১০টার পর নির্বাচনি কার্যালয় উদ্বোধনের ওই অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতা–কর্মী, ভোটার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, এই চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। আনোয়ারার হেডকোয়ার্টার হলো এটি এবং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা–বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল।

সরওয়ার জামাল নিজাম আরও বলেন, ‘এখানে নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে। আমি অনুরোধ জানাব, আপনারা যাঁরা চাঁদাবাজি করছেন, দুই হাত জোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।’ বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ বিষয়ে জানতে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান ও জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।#

পার্সটুডে/জিএআর/৭