উড্ডয়নের পর বাংলাদেশ বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে নিরাপদ জরুরি অবতরণ
https://parstoday.ir/bn/news/event-i163840-উড্ডয়নের_পর_বাংলাদেশ_বিমানের_চাকা_বিচ্ছিন্ন_শাহজালালে_নিরাপদ_জরুরি_অবতরণ
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রের তথ্য অনুযায়ী, উড্ডয়নের পর উড়োজাহাজটির পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিমানে থাকা সব যাত্রী, পাইলট ও ক্রু নিরাপদে নেমেছেন।
(last modified 2026-10-10T11:54:20+00:00 )
অক্টোবর ১০, ২০২৬ ১৭:৫২ Asia/Dhaka
  • বিমান বাংলাদেশ
    বিমান বাংলাদেশ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রের তথ্য অনুযায়ী, উড্ডয়নের পর উড়োজাহাজটির পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিমানে থাকা সব যাত্রী, পাইলট ও ক্রু নিরাপদে নেমেছেন।

আজ (শনিবার) দুপুর ১টা ৩৫ মিনিটে ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বিজি-৪৩৬ ফ্লাইটটির দুপুর আড়াইটায় ঢাকায় নামার কথা ছিল। কিন্তু ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।

সূত্র জানায়, চাকা বিচ্ছিন্ন হওয়ার তথ্য পেয়ে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান। অবতরণের আগে জ্বালানি কমিয়ে বিমানের ওজন কমানো এবং বিমানবন্দরে নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করার জন্য পাইলটকে আকাশে চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এ সময় সেটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল। সব মিলিয়ে প্রায় ৪০ মিনিট আকাশে চক্কর দেওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়। এ সময় সব ধরনের ফ্লাইটের ওঠানামা স্থগিত ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর এক বার্তায় জানায়, ফ্লাইটটি বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। "অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে" ফ্লাইটটি সময়সূচির তুলনায় কিছুটা বিলম্বিত হয়েছিল বলে বার্তায় বলা হয়। বার্তায় সব যাত্রী ও ক্রুর কোনো সমস্যা ছাড়াই পৌঁছানোর কথা জানানো হয়েছে। ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।#

পার্সটুডে/এমএআর/১০