বিজেপি’র চেয়ে বেশি মিথ্যা আর কেউ বলতে পারবে না : অখিলেশ যাদব
-
অখিলেশ যাদব
ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদব বলেছেন, ‘উত্তর প্রদেশের প্রত্যেকেই জানেন যে, বিজেপি’র চেয়ে বেশি মিথ্যা আর কেউ বলতে পারবে না।’
তিনি আজ (রোববার) কুশীনগরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
তিনি বিজেপি’র পক্ষ থেকে প্রচার করা ‘জেএএম’-এর অর্থ করেন ‘জে’তে ‘ঝুট’ অর্থাৎ মিথ্যা, ‘এ’তে অহংকার এবং ‘এম’তে মুল্যস্ফীতি। যার জবাব বিজেপিকে দিতে হবে।’
বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেছিলেন, প্রধানমন্ত্রী এক ‘জেম’ (জে-এ-এম) নিয়ে এসেছেন। অর্থাৎ, জে-তে জনধন ব্যাঙ্ক একাউন্ট, এ-তে আধার কার্ড এবং এম-তে প্রত্যেকের মোবাইল। কিন্তু সমাজবাদী পার্টির ‘জে-এ-এম’ হল, জিন্নাহ-আজম খান এবং মুখতার আনসারি। আপনারা বলুন বিজেপির ‘জেম’ চাই? না সমাজবাদী পার্টির ‘জেম’ চাই? বিজেপি নেতা অমিত শাহ এ ভাবে সমাজবাদী পার্টিকে কটাক্ষ করেন। আজ সমাজবাদী পার্টির প্রধান ‘জেম’-এর পাল্টা ব্যাখ্যা দিতে বিজেপিকে কটাক্ষ করেছেন।
বিজেপিশাসিত উত্তর প্রদেশের যোগি আদিত্যনাথ সরকারকে টার্গেট করে অখিলেশ বলেন, ‘২০২২ সালে রাজ্যে পরিবর্তন আসবে। মানুষ রাজ্যে পরিবর্তন চায়। গত সাড়ে চার বছরে বিজেপি তাদের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির দিকে ফিরে তাকায়নি।’
অখিলেশ যাদব বলেন, বিজেপি সেই আইনগুলো প্রয়োগ করতে চায় যার পরে কৃষকদের ক্ষেত কেড়ে নেওয়া হবে। ওই আইনগুলোর বিরুদ্ধে আন্দোলনের সময়ে বহু কৃষক প্রাণ হারিয়েছেন।’
অখিলেশ বলেন, ‘মূল্যস্ফীতি কত বেড়েছে, পেট্রোল-ডিজেলের দাম কত? এই সরকার মূল্যস্ফীতি বাড়িয়েছে, সরকার শুধু উত্তর প্রদেশকেকে ধ্বংস করেনি, মূল্যস্ফীতি বাড়িয়েছে। বাস্তবে কোনো উন্নয়ন হয়নি, সরকার শুধু ‘নাম পরিবর্তন’করার কাজ করেছে। আমরা আমাদের কাজের উদ্বোধন করছি। তারা আমাদের কাজের নাম পরিবর্তন করে উদ্বোধন করছে।’
তিনি বলেন, বর্তমান সরকার রাজ্যকে পাঁচ বছর পিছিয়ে দিয়েছে। বিজেপি ধর্মের রাজনীতি করে ‘নাম বদলের কাজ’করছে। যেভাবে নাম ও রং বদলাচ্ছে তাতে সংবিধানও বিপন্ন। সাড়ে চার বছরেও প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বিজেপি। তারা মানসিকতা ও কাজে পিছিয়ে আছে। সেজন্য রাজ্যে ‘পরিবর্তন’হবেই। পরিবর্তনের জন্য কৃষক ও বেকাররা সিদ্ধান্ত নিয়েছে।’
উত্তর প্রদেশে আগামী ২০২২ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন থেকেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।