মমতা কংগ্রেসকে বাদ দিয়ে মোদিকে হটাবেন কী করে? প্রশ্ন অধীর চৌধুরীর
https://parstoday.ir/bn/news/india-i100004-মমতা_কংগ্রেসকে_বাদ_দিয়ে_মোদিকে_হটাবেন_কী_করে_প্রশ্ন_অধীর_চৌধুরীর
ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, ‘আপনি কংগ্রেসকে বাদ দিয়ে মোদিকে হটাবেন কী করে? আপনি নিজেও জানেন এটা সম্ভব নয়। কিন্তু আপনাকে খুশি করতে হবে কাউকে।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৪, ২০২১ ১৫:৫৬ Asia/Dhaka
  • মমতা কংগ্রেসকে বাদ দিয়ে মোদিকে হটাবেন কী করে? প্রশ্ন অধীর চৌধুরীর

ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, ‘আপনি কংগ্রেসকে বাদ দিয়ে মোদিকে হটাবেন কী করে? আপনি নিজেও জানেন এটা সম্ভব নয়। কিন্তু আপনাকে খুশি করতে হবে কাউকে।’

পেট্রোল,ডিজেল,রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি আজ (রোববার) কংগ্রেসের 'জনজাগরণ' কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

অধীর চৌধুরী বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে কংগ্রেসের অবদান সবথেকে বেশি। তিনি বলেন,  ‘আজ বাংলার মুখ্যমন্ত্রী বলছেন কংগ্রেসকে উচ্ছেদ করতে হবে, মোদি বলছেন কংগ্রেসকে উচ্ছেদ করতে হবে। কংগ্রেসকে নিয়ে আপনাদের সকলের ঝামেলা কেন?  ‘দিদি’  আপনি মোদিকে হটাবেন কংগ্রেসকে বাদ দিয়ে?  আপনিও জানেন তা সম্ভব নয়। কিন্তু আপনাকে কাউকে খুশি করতে হবে। আপনি খুশি করার রাজনীতি করছেন। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, তার পিছনে কংগ্রেসের অবদান সবচেয়ে বেশি। ভারতবর্ষের  রাজনীতি কংগ্রেসকে বাদ দিয়ে হয় না।’  

তিনি বলেন, ‘কংগ্রেস একটা সভ্যতার নাম, সংস্কৃতির নাম, কৃষ্টির নাম। কংগ্রেস একটা শিক্ষার নাম। এই কংগ্রেস কখনও দুর্বল, কখনও সবল হতে পারে। কিন্তু কংগ্রেসকে ক্ষতি করে, কংগ্রেসকে গালি দিয়ে, কংগ্রেসকে ধ্বংস করে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়  বড় হতে পারবেন না।’    

অধীর বাবু বলেন, ‘দিদি কংগ্রেসকে উচ্ছেদ করবেন কী করে আপনি? ভারতবর্ষের বিরোধী দলগুলোর মোট ভোট ৬৩ শতাংশ। সেই ৬৩ শতাংশ ভোটের মধ্যে ২০ শতাংশ কংগ্রেসের ভোট, ৪ শতাংশ তৃণমূলের। কংগ্রেসকে বাদ দিয়ে মোদিকে হটাবেন কীভাবে?’    অধীর চৌধুরী আজ নোট বাতিল, সন্ত্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকারেরও তীব্র সমালোচনা করেন।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।