ইমরান খানকে ‘বড় ভাই’ বলে বিতর্কে জড়ালেন সিধু, তীব্র সমালোচনা বিজেপি’র
https://parstoday.ir/bn/news/india-i100240-ইমরান_খানকে_বড়_ভাই’_বলে_বিতর্কে_জড়ালেন_সিধু_তীব্র_সমালোচনা_বিজেপি’র
ভারতের পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘বড় ভাই’ বলে অভিহিত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বিজেপি’র পক্ষ থেকে সিধুসহ কংগ্রেসের সমালোচনা করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২০, ২০২১ ১৫:৩৫ Asia/Dhaka
  • ইমরান খানকে ‘বড় ভাই’ বলে বিতর্কে জড়ালেন সিধু, তীব্র সমালোচনা বিজেপি’র

ভারতের পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘বড় ভাই’ বলে অভিহিত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বিজেপি’র পক্ষ থেকে সিধুসহ কংগ্রেসের সমালোচনা করা হয়েছে।

আজ (শনিবার) পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু পাকিস্তানে শিখদের পবিত্র তীর্থস্থান করতারপুর সাহিবে পৌঁছন। এ সময়ে তিনি গুরুদোয়ারায় পৌঁছে  প্রার্থনাও করেন। করতারপুরে পৌঁছলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাঠানো কর্মকর্তারা সিধুকে স্বাগত জানান। সংবর্ধনা চলাকালীন, নভজ্যোত সিং সিধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাইয়ের মতো বলে উল্লেখ করেন।  

পাঞ্জাব কংগ্রেসের প্রধান নবজ্যোত সিং সিধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার ‘বড় ভাই’ বলে সম্বোধন করার একটি ভিডিও গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিওতে প্রকাশ,   নবজ্যোত সিং সিধু করতারপুর করিডরে ভারতীয় সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সীমান্তে প্রবেশ করেন। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি রেঞ্জার্সের জওয়ানরা তাকে স্বাগত   জানায়। এরপর করতারপুর সাহেবের ‘সিইও’ মুহাম্মাদ  লতিফও তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছান।  নবজ্যোত সিং সিধুর সাথে সাক্ষাতের সময়ে, মুহাম্মাদ লতিফ বলেন,  আমি আপনাকে প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষ থেকে স্বাগত  জানাচ্ছি। এ বিষয়ে নভজ্যোত সিং সিধু বলেন, আমি খুবই কৃতজ্ঞ। ইমরান খান আমার বড় ভাই। অনেক ভালোবাসা দিয়েছেন। এ সময়, করতারপুর সাহিবের ‘সিইও’ মুহাম্মাদ লতিফ কংগ্রেস নেতা  নবজ্যোত সিং সিধু এবং তাঁর সাথে থাকা সমস্ত কংগ্রেস নেতা ও মন্ত্রীদের গলায় ফুলের মালা দিয়ে স্বাগত জানান।      

করতারপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘বড় ভাই’ বলে অভিহিত করার জন্য বিজেপি’র পক্ষ থেকে নবজ্যোত সিং সিধু এবং কংগ্রেসকে টার্গেট করা হয়েছে। বিজেপি’র জাতীয় মুখপাত্র  সম্বিত পাত্র বলেছেন, কংগ্রেসের অভিজ্ঞ নেতা এবং পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু পাকিস্তানে যেয়ে ইমরান খানকে মহিমান্বিত করবেন না, পাকিস্তানের প্রশংসা করবেন না, এটি হতে পারে না। আজ সিধু ইমরান খানকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করে বলেছেন, আমি তাকে খুব ভালোবাসি। এটি কোটি কোটি ভারতীয়দের জন্য উদ্বেগের বিষয়! 

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র আরও বলেন, এটা কংগ্রেস দলের এক ধরণের পদ্ধতি। সালমান খুরশিদ, মণিশঙ্কর আইয়ার, রশিদ আলভি এবং সর্বোপরি রাহুল গান্ধি,  তাঁরা  সবাই হিন্দু ও হিন্দুত্বকে গালি দেয়। অন্যদিকে, পাকিস্তানের স্বার্থে বিবৃতি দিচ্ছেন সিধু। এটা কোন কাকতালীয় ঘটনা নয়।

 বিজেপি’র আইটি সেলের প্রধান অমিত মালব্যও ওই ইস্যুতে সমালোচনা করে বলেছেন,  রাহুল গান্ধির প্রিয় নবজ্যোত সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তার বড় ভাই বলেছেন। শেষবার তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে আলিঙ্গন করেছিলেন। এটা কী আশ্চর্যজনক যে, গান্ধি পরিবার  অমরিন্দর  সিংয়ের চেয়ে পাকিস্তান প্রেমিক সিধুকে বেছে নিয়েছে! 

করতারপুর সাহিব থেকে ফিরে সিধু অবশ্য তাঁর সাফাইতে বলেছেন, বিজেপি যা খুশি বলছে, আমি কী করতে পারি? ওদের যা অভিযোগ তা করুক। তাদের অভিযোগের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। #             

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।