তৃণমূল ভয় পাচ্ছে না, বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে : ফিরহাদ হাকিম
-
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, পৌরসভা নির্বাচনে তৃণমূল ভয় পাচ্ছে না।
বরং, বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তিনি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের এক মন্তব্যের পাল্টা জবাবে ওই মন্তব্য করেন।
আজ বিজেপি’র কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ এমপি বলেন, ‘রাজ্যের সব জায়গায় একসঙ্গে পৌর নির্বাচন হচ্ছে না কেন? আমরা চাচ্ছিলাম পশ্চিমবঙ্গের সবকটি পৌরসভায় একসঙ্গে নির্বাচন হোক। কোলকাতার লোকেদের যদি এই সুবিধা পাওয়ার অধিকার থাকে তাহলে বাংলার বাকি লোকেরা সেই সুবিধা পাবে না কেন? বিধানসভা, লোকসভায় একসঙ্গে নির্বাচন হল, পঞ্চায়েত নির্বাচন একসঙ্গে হয়েছিল। কিন্তু পৌরসভা নির্বাচনের সময়ে এরকম আলাদা আলাদা কেন করা হবে? সরকার কী ভয় পাচ্ছে?’
বিজেপি নেতা দিলীপ ঘোষের পাল্টা জবাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সাম্প্রতিক উপনির্বাচনের ফল দেখে দিলীপ দা’র তাই মনে হল যে, তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে! আসলে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।’
মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপি নেতা দিলীপ ঘোষকে টার্গেট করে আরও বলেন, ‘দিলীপ দা তো এখন অল ইন্ডিয়ার। দিল্লিতে যাক। এখানে এসে কী করছে? এখানে তো অন্য লোক, (সভাপতি) ওকে পাত্তা দেয় না। এখানে (রাজ্যে) অন্য লোককে দিয়ে দিয়েছে (দলীয় পদ)।’
এদিকে, আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিপিএমের সাবেক কাউন্সিলর বিলকিস বেগম। বিলকিস বেগমের অভিযোগ, তাকে প্রাপ্য সম্মান দেয়নি দল। তাকে অপমান করা হয়েছে। এবার পৌর নির্বাচনে টিকিট পাননি তিনি। আজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন। বিলকিস বেগম বলেন, ‘প্রার্থী তালিকার কোনও ব্যাপার নেই। তৃণমূলে যে সম্মান পেয়েছি তা আমি ওখানে পাইনি। ওই দলের নীতি আদর্শ ঠিক করতে হবে।’
কোলকাতা পৌরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএমের কাউন্সিলর ছিলেন বিলকিস বেগম। দলীয় নেতৃত্বের কাজকর্মে ক্ষুব্ধ হয়ে তিনি আজ তৃণমূলে যোগ দিয়েছেন।
আগামী ১৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন থেকেই সব রাজনৈতিক দলের মধ্যে ওই ইস্যুতে তৎপরতা শুরু হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।