ত্রিপুরায় ২০২৩ সাল আমাদের, বিজেপির পরাজয় নিশ্চিত : কুণাল ঘোষ
https://parstoday.ir/bn/news/india-i100572-ত্রিপুরায়_২০২৩_সাল_আমাদের_বিজেপির_পরাজয়_নিশ্চিত_কুণাল_ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ত্রিপুরায় ২০২৩ সাল আমাদের, বিজেপি’র পরাজয় নিশ্চিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০২১ ১৬:০১ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ
    ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ত্রিপুরায় ২০২৩ সাল আমাদের, বিজেপি’র পরাজয় নিশ্চিত।

ত্রিপুরায় পৌরসভা নির্বাচনের ফল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন। 

আগরতলা পৌরসভা, ছ’টি নগর পঞ্চায়েত, সাতটি পৌর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে নির্বাচন হয়েছে ত্রিপুরায়। এরমধ্যে ৩২৯টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। আমবাসা ওয়ার্ডে মাত্র একটি আসনে জিতেছে তৃণমূল। 

পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ প্রসঙ্গে  সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘ত্রিপুরায় তৃণমূলের দু’মাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা এবং তাণ্ডব চালানো হয়েছে। তারপরেও বহু ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জিতেছে দল। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ।’  

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি এ প্রসঙ্গে বলেন,  ‘মাত্র তিনমাস আগেই ত্রিপুরায় রাজনৈতিক যাত্রা শুরু  করেছিলাম আমরা। আর ত্রিপুরায় গণতন্ত্রকে ধ্বংস করতে কোনও সুযোগ ছাড়েনি  বিজেপি। সাহসিকতার জন্য ত্রিপুরার দলীয় কর্মীদের অনেক অভিনন্দন।’    

অন্যদিকে, ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আজ এক বার্তায় বলেন, পৌরনির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য হার্দিক অভিনন্দন। পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত দল তৃণমূলকে পরাজিত করার জন্য ত্রিপুরার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ।’  #

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।