গোয়ায় দেওয়া তৃণমূলের প্রতিশ্রুতিকে কটাক্ষ করলেন বিরোধীরা
https://parstoday.ir/bn/news/india-i101170-গোয়ায়_দেওয়া_তৃণমূলের_প্রতিশ্রুতিকে_কটাক্ষ_করলেন_বিরোধীরা
ভারতের পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মতো গোয়ায় ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিল তৃণমূল কংগ্রেস। বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী নারীরা মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০২১ ১৬:০৭ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মতো গোয়ায় ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিল তৃণমূল কংগ্রেস। বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী নারীরা মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন।

কিন্তু গোয়ায় ক্ষমতায় এলে ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পে প্রত্যেক গৃহকর্ত্রীকে মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই এ ক্ষেত্রেও টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।    

এ প্রসঙ্গে কংগ্রেস, সিপিএম ও বিজেপি, তৃণমূলের ওই কর্মসূচিকে কটাক্ষ করেছে। কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি  চিদম্বরম কটাক্ষ করে বলেছেন, ক্ষমতায় এলে গোয়ায় সাড়ে ৩ লাখ গৃহকর্ত্রীকে মাসে ৫ হাজার টাকা। তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী বছরে ২  হাজার ১০০ কোটি টাকা প্রয়োজন। ২০২০-এর মার্চ পর্যন্ত গোয়ার ঋণের বোঝা ২৩ হাজার ৪৭৩ কোটি টাকা। এই অঙ্কের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্য। ঈশ্বর গোয়াকে রক্ষা করুন।’ 

পাল্টা জবাবে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি বলেছেন,  ‘মাননীয় চিদম্বরম, গোয়ার সাড়ে ৩ লাখ পরিবারকে ৫ হাজার টাকা অর্থাৎ রাজ্যের মোট বাজেটের ৬/৮ শতাংশ। যা বাস্তবায়িত করা সম্ভব। কোভিড পরবর্তীকালে মানুষের হাতে নগদ টাকার জোগান সুস্থ অর্থনীতির লক্ষণ।’  

ওই ইস্যুতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রাজ্যের বিরোধী দলনেতা ও  বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও অন্যরা তৃনমূলকে কটাক্ষ করেছেন। গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সেখানে এখন থেকেই মাঠে নেমেছে।#  

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।