কোলকাতা পৌরসভা নির্বাচনে অশান্তির অভিযোগ খারিজ করলেন তৃণমূল নেতারা
https://parstoday.ir/bn/news/india-i101448-কোলকাতা_পৌরসভা_নির্বাচনে_অশান্তির_অভিযোগ_খারিজ_করলেন_তৃণমূল_নেতারা
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা পৌরসভা নির্বাচনে বিক্ষিপ্ত গোলযোগ ও অশান্তির ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৯, ২০২১ ১৫:১৩ Asia/Dhaka
  • কোলকাতা পৌরসভা নির্বাচনে অশান্তির অভিযোগ খারিজ করলেন তৃণমূল নেতারা

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা পৌরসভা নির্বাচনে বিক্ষিপ্ত গোলযোগ ও অশান্তির ঘটনা ঘটেছে।

বিরোধীরা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোট, মারধর ইত্যাদির অভিযোগ করলেও তৃণমূল ওই দাবিকে খারিজ করে দিয়েছে।

এ প্রসঙ্গে আজ (রোববার) তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে টার্গেট করে বলেন, ‘ওদের অমিত শাহজী ও মোদিজীর কাছে মুখ রক্ষার বিষয় রয়েছে, শান্তিপূর্ণ ভোট হল, ওরা হেরে গেলেন এটা বিজেপি’র পক্ষ খুব অপমানের। বিধানসভা নির্বাচনে ওদের  মুখ পুড়ে গেছে, আমরা ২১৩ টা আসন পেয়েছি। তাই ওরা সন্ত্রাস-সন্ত্রাস ভাব দেখিয়ে যাতে কেন্দ্রীয় নেতৃত্বরা রেগে না যায় তাদের চাকরি থাকে সেজন্য ওরা এসব করার চেষ্টা করছে।’

‘বামপন্থিরা অপ্রাসঙ্গিক ও নিশ্চিহ্ন হয়ে গেছে, ওদের অস্তিত্বের লড়াই শুরু হয়েছে তাই বিজেপির মতো সন্ত্রাস-সন্ত্রাস করছে’ বলেও মন্তব্য করেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।    

এ প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, ‘অশান্তির ভিডিয়ো ফুটেজ থাকলে আনুন। তৃণমূল কেউ, কোথাও, কোনও ঘটনায় জড়িত আছে প্রমাণ দিতে পারলে ২৪ ঘণ্টার মধ্যে দল ব্যবস্থা নেবে।’ একইসঙ্গে তিনি প্রশাসনিক স্তরেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

পৌর নির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপি’র পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, বিভিন্ন বুথে তৃণমূলের সন্ত্রাসে এজেন্ট দেওয়া যায়নি। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি কোথাও এজেন্ট দিতে না পারলে তার দায় তৃণমূলের নয়। পৌর নির্বাচনের ‘ফল’ কী হতে পারে তার আঁচ পেয়ে মুখ বাঁচাতে বিজেপি সন্ত্রাসের অজুহাত দিচ্ছে।’        

বিজেপি নেতা শিশির বাজোরিয়ার অভিযোগ- 'রাস্তায় দাগ, বলছে চকলেট বোমা। কেউ তো মরেনি। এটা হল কোলকাতা পুলিশ। নির্বাচনে আমরা বারবার কেন্দ্রীয় বাহিনী আনার কথা বলেছিলাম, কোলকাতা পুলিশ পারবে না বলেছিলাম। নির্বাচন কমিশন শোনেনি। হাইকোর্ট পরিষ্কার ভাষায় বলেছিলেন আপনারা দায়ী হবেন। এখন দেখুন কী হবে, যখন মামলার রায় হবে ২৩ তারিখ। ভোটাররা রক্তাক্ত হয়েছে। চারিদিকে ছাপ্পা ভোট হচ্ছে। আমার আশঙ্কা, কিছু কিছু ওয়ার্ডে ভোটের ব্যবধান, মোট ভোটারকে না ছাপিয়ে যায়!'   

সিপিএম ও কংগ্রেস প্রার্থীদের অভিযোগ- ১৭ নম্বর ওয়ার্ডের অধিকাংশ বুথে তৃণমূল প্রার্থী মোহনকুমার গুপ্ত রিগিং করেছেন। অবাধে ভোট লুঠ হলেও পুলিশ নীরব দর্শক হয়েছিলে বলে অভিযোগে বেলা ১২টা নাগাদ কর্মী-সমর্থকদের নিয়ে বড়তলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিএম ও কংগ্রেস প্রার্থী। পরে সেখানে যোগ দেন বিজেপি প্রার্থীও। তাঁদের অভিযোগ, বার বার অভিযোগ জানিয়েও ফল হয়নি। তাই অগত্যা থানার সামনে বিক্ষোভ করতে হয়েছে। আজ কোলকাতা পৌরসভার ১৪৪ ওয়ার্ডে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা হবে ২১ ডিসেম্বর।# 

 

পার্সটুডে/ এমএএইচ/বাবুল আখতার /১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।