রাজ্যপাল নিজের পদকে বিজেপির নির্বাহী সভাপতি হিসেবে তুলে ধরেছেন : কুণাল ঘোষ
https://parstoday.ir/bn/news/india-i101728-রাজ্যপাল_নিজের_পদকে_বিজেপির_নির্বাহী_সভাপতি_হিসেবে_তুলে_ধরেছেন_কুণাল_ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ গভর্নর (রাজ্যপাল) জগদীপ ধনখড়ের সমালোচনা করে বলেছেন, উনি রাজ্যপাল নিজের পদকে বিজেপির নির্বাহী সভাপতি হিসেবে তুলে ধরেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২১ ১৪:৩৫ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ
    ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ গভর্নর (রাজ্যপাল) জগদীপ ধনখড়ের সমালোচনা করে বলেছেন, উনি রাজ্যপাল নিজের পদকে বিজেপির নির্বাহী সভাপতি হিসেবে তুলে ধরেছেন।

আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।  

সম্প্রতি রাজভবন ও রাজ্য সচিবালয় নবান্নের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘আমি সরকারকে বলেছি, আমার অনুমতি ছাড়া যত উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) নিয়োগ করা  হয়েছে, তা খতিয়ে দেখবো। না হলে আমাকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, শিক্ষামন্ত্রী আমার সঙ্গে কোনও আলোচনা করলেন না! বলে দিলেন মুখ্যমন্ত্রীকে আচার্য (চ্যান্সেলর) করে দেবো! আপনি মুখ্যমন্ত্রীকে আচার্য কেন ‘রাজ্যপাল’ও করে দিন। তাহলে হয়তো আপনি শান্তি পাবেন। এই আচরণ গ্রহণযোগ্য নয়।’   

এভাবে তিনি সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করলেন, তাকে ‘অভূতপূর্ব’ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

রাজ্যপালের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। দলটির রাজ্য সম্পাদক ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘জগদীপ ধনখড় এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। আমার মনে হচ্ছে এতক্ষণ বিজেপি’র পথসভা শুনছি। উনি রাজ্যপাল পদের গরিমা ধরে রাখুন, এটাই কাম্য।’

তিনি বলেন, রাজ্যপাল যেরকম মন্তব্য করেছেন তাতে আমরা বলতে বাধ্য হচ্ছি, রাজ্যপাল পদটা তো গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সম্মানের। কিন্তু জগদীপ বাবু এটাকে (রাজভবন) বিজেপির পার্টি অফিস বানিয়েছেন। 

‘যিনি রাজ্যপাল পদকে বিজেপির হাতে তুলে দিয়ে নিজেকে ‘বিজেপির এজেন্ট’-এ পরিণত করেছেন তার মুখে এ ধরণের কথাবার্তা শোভা পায় না’ বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।#   

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।