বিজেপি রাবণের মতো, যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে : হেমন্ত সোরেন
-
ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন
ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হিন্দুত্ববাদী বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বিজেপি হল রাবণের মতো, যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্ত সোরেন বলেন, ‘বিজেপির বিষয়ে কী বলব? তাদের অনেক মুখ এবং অনেক মুখোশ রয়েছে। রাজ্য গঠনের ২০ বছরেরও বেশি সময় হয়ে গেছে। এর মধ্যে ১৬ বছরেরও বেশি সময় ধরে বিজেপি সরকার ক্ষমতায় ছিল। এরপরেও দারিদ্র্য, পশ্চাদপদতা আমাদের রাজ্যের পরিচয়। দরিদ্রদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সরকারি অফিসে ঘুষের প্রচলন ছিল। কর্মকর্তারা চুপ করে বসে থাকতেন। আমাদের সরকার এই অবস্থার পরিবর্তন করেছে। আমরা সরকারকে রাজ্যের সদর দফতর, জেলা সদর ও ব্লক অফিস থেকে গ্রামে, মানুষের দোরগোড়ায় নিয়ে গিয়েছি।’
তিনি বলেন, গণপিটুনি আইনের বিরোধিতা করা হচ্ছে কেন আমি বুঝি না। সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্যকে এই ধরণের আইন তৈরি করার নির্দেশ দিয়েছিল। বিজেপি’র লোকেদের জিজ্ঞাসা করুন এই আইন কী হিন্দু, মুসলিম, শিখ, আদিবাসী, খ্রিস্টান বা কোনো বিশেষ ধর্মের বিরুদ্ধে? আইনটি গণপিটুনির বিরুদ্ধে। এতে ধর্ম কোনো মাপকাঠি নয়। আসলে বিজেপির রাজনীতি এমন যে এরা মানুষকে বিভ্রান্ত করে। বিজেপির লোকেরা চালাক এবং এবং ইচ্ছাকৃতভাবে এ ধরণের বিতর্ক তৈরি করে। বিজেপির স্লিপার সংগঠনও রয়েছে। তারা সরাসরি প্রতিবাদ করতে না পারলে বিভিন্ন সংগঠনের মাধ্যমে মানুষকে উসকে দেয়।’ বিজেপি রাবণের মতো, যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে বলেও মন্তব্য করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। #
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।