পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা সবচেয়ে বেশি অসুরক্ষিত : দিলীপ ঘোষ
https://parstoday.ir/bn/news/india-i102294-পশ্চিমবঙ্গের_সীমান্তবর্তী_এলাকা_সবচেয়ে_বেশি_অসুরক্ষিত_দিলীপ_ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা সবচেয়ে বেশি অসুরক্ষিত। কুচবিহার সীমান্তে গরু পাচারকারীদের বাধা দিতে গিয়ে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৯, ২০২২ ১৫:৪১ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি
    ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা সবচেয়ে বেশি অসুরক্ষিত। কুচবিহার সীমান্তে গরু পাচারকারীদের বাধা দিতে গিয়ে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।

সীমান্তবর্তী এলাকায় পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে বিএসএফের এলাকা বৃদ্ধির পক্ষে সাফাই দিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, ‘যাঁরা বারবার বলছিলেন, বিএসএফ কেন ৫০ কিলোমিটার এলাকা পর্যন্ত যাবে,  মেখলিগঞ্জের ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এ রাজ্যে সীমান্তবর্তী এলাকায় যা অবস্থা, তাতে গত এক/দুই মাসের মধ্যে বিএসএফের সঙ্গে গণ্ডগোল, মারপিট ও গুলি চলেছে। এতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, গরু পাচারকারীরা মারা গেছে।   আজ পুলিশও সুরক্ষিত নয়। পুলিশের উপরেও আক্রমণ করেছে। বিএসএফ থাকলে কমপক্ষে পুলিশ সুরক্ষিত থাকবে। এটা স্পষ্ট যে, পশ্চিমবঙ্গের বর্ডার সবচেয়ে  অসুরক্ষিত।’ ইচ্ছা করেই রাজ্যে ভোটের স্বার্থে ক্ষমতাসীন তৃণমূল এটা করে রেখেছে বলেও বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি মন্তব্য করেন।   

প্রসঙ্গত, গতকাল (শনিবার) সন্ধ্যায় কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার  উছলপুকুরির বামুনিয়াপাড়া এলাকায় পাচারের উদ্দেশ্যে প্রচুর গরু মওজুদ করা হয়েছে বলে গোপন সূত্রে পুলিশ খবর পায়। এরপরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ বাহিনী। এ সময়ে বাড়িতে ঢুকে গরু আনতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় তাদের। মহিলাসহ স্থানীয় বাসিন্দারা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। ইটের আঘাতে আহত হয়ে ঘটনাস্থল থেকে চলে আসে পুলিশ বাহিনী। এরপরে ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত বাহিনী। কিন্তু এবারও পুলিশের উপরে আক্রমণ হয়। দু'দফার সংঘর্ষে কমপক্ষে ১২ জন পুলিশ কর্মী আহত হন। আহতদের পাঠানো হয় মেখলিগঞ্জ হাসপাতালে৷ পুলিশ ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে ৪ মহিলা। পুলিশ ঘটনাস্থল থেকে ৩৪টি গরু উদ্ধার করেছে। কুচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, গরু পাচার রুখতে অভিযান চলবে। সংশ্লিষ্ট এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।