গোয়ায় বিজেপি’র জোড়া ধাক্কা, দল থেকে ইস্তফা দিলেন মন্ত্রী ও বিধায়ক
ভারতে বিজেপিশাসিত গোয়ায় বিজেপি’র একজন মন্ত্রী ও একজন বিধায়ক তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে এটি বিজেপির জন্য একদিনে জোড়া ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ (সোমবার) গোয়ার মন্ত্রী মাইকেল লোবো, মন্ত্রী ও বিধায়ক পদ এবং প্রবীণ জান্তে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন।
রাজ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গত (শনিবার) নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নেতাদের দল পরিবর্তনের সম্ভাবনা জোরালো হয়েছে।
রাজ্যটিতে বিজেপি নেতৃত্বাধীন প্রমোদ সাওয়ান্ত সরকারের মন্ত্রী মাইকেল লোবো ছাড়াও এ পর্যন্ত, মোট ৪ বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। বিজেপির বিধায়ক প্রবীণ জান্তে এবং মাইকেল লোবো কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। নির্বাচনের আগে বিজেপি সরকারের মন্ত্রী মাইকেল লোবো দলে তাকে উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন।
মন্ত্রী ও বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আশা করছি আমার নির্বাচন কেন্দ্রে কালানগুটের মানুষ এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন। মাইকেল লোবো আরও বলেন, তিনি মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। বিধায়ক পদেও ইস্তফা দিয়েছেন। অন্য দলে যোগ দেওয়ার বিষয়ে তার কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন লোবো। তিনি এবং প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পাররিকারের অনুসারীদের দলে উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেন। রাজ্যের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পাররিকারের ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ বিজেপিতে নেই বলেও মন্তব্য করেছেন লোবো।
প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি বিধায়ক কার্লোস আলমেডিয়া ও এলিনা সালদানা নামে বিজেপির আরও দুই বিধায়ক ইস্তফা দিয়েছেন। ৪০ আসন সম্বলিত গোয়া বিধানসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ১০ মার্চ।#
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।