উত্তর প্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারী সাদাফ জাফরকে প্রার্থী করল কংগ্রেস
-
সাদাফ জাফর
ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে আজ প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ওই তালিকায় ১২৫ জন প্রার্থী রয়েছেন, যার মধ্যে ৪০ শতাংশ মহিলা প্রার্থী। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলনকারী বিশিষ্ট নারী সমাজকর্মী সাদাফ জাফরকে লক্ষনৌ সেন্ট্রাল কেন্দ্র থেকে টিকিট দিয়েছে কংগ্রেস।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাদাফ জাফরকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ। তাকে সেসময়ে কারাগারে মারধরও করা হয়।
লক্ষনৌ সেন্ট্রাল আসন থেকে কংগ্রেসের টিকিট পেয়ে সাদাফ জাফর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আজ (বৃহস্পতিবার) বলেন, ‘আমি প্রিয়াঙ্কা গান্ধির (কংগ্রেসের মহাসচিব) কাছে কৃতজ্ঞ। আমি আগেও সাহসী ছিলাম এবং এখনও সাহসী। আমি সংবিধানের মূল্যবোধের জন্য লড়াই চালিয়ে যাব। আমার প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান বিজেপি বিধায়ক এবং উত্তর প্রদেশ সরকারের আইনমন্ত্রী ব্রিজেশ পাঠকের সঙ্গে।’
কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগদানকারী নেতাদের কটাক্ষ করে সাদাফ জাফর বলেন, ‘যারা কংগ্রেস ছেড়ে যাচ্ছেন, তারা সুবিধাবাদী। গত পাঁচ বছর ধরে যদি কেউ বাস্তবের মাটিতে লড়াই করে থাকে, তা হল কংগ্রেস দল এবং প্রিয়াঙ্কা গান্ধি। আমি পূর্ণ শক্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’
কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় বিশিষ্ট ব্যক্তিদের নাম স্থান পেয়েছে। ফারুখাবাদ থেকে টিকিট দেওয়া হয়েছে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদের স্ত্রী লুইস খুরশিদকে। উন্নাও থেকে উন্নাও গণধর্ষণ কাণ্ডের শিকার তরুণীর মাকে মনোনয়ন দিয়েছে কংগ্রেস। উন্নাও গণধর্ষণ কাণ্ড নিয়ে এরআগে বিজেপিকে একনাগাড়ে চেপে ধরেছে কংগ্রেস।
২০১৭ সালের উন্নাও গণধর্ষণ কাণ্ডের মূল অপরাধী তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে। উত্তর প্রদেশে সাত দফায় বিধানসভা নির্বাচন শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি, শেষ হবে ৭ মার্চ। ফল ঘোষণা হবে ১০ মার্চ। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।