‘বিজেপি আগেই যোগীকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে’: অখিলেশ
https://parstoday.ir/bn/news/india-i102550-বিজেপি_আগেই_যোগীকে_বাড়িতে_পাঠিয়ে_দিয়েছে’_অখিলেশ
ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজেপির প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। গোরখপুর সিটি থেকে প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০২২ ১৫:৪৬ Asia/Dhaka
  • ‘বিজেপি আগেই যোগীকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে’: অখিলেশ

ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজেপির প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। গোরখপুর সিটি থেকে প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরে,  রাজ্যের প্রধান বিরোধীদল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করেছেন। অখিলেশ যাদব বলেছেন, যারা বলতেন উনি মথুরা থেকে নির্বাচনে লড়বেন, কখনও বলতেন প্রয়াগরাজ থেকে লড়বেন, কখনও বলতেন দেওবন্দ থেকে লড়বেন, আমি খুশি যে বিজেপি তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে।  

তিনি বলেন,  ‘আমার মনে হয় তাকে বাড়িতেই থাকতে হবে। বাসায় ফিরে যাওয়ার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন। অখিলেশ বলেন, যোগী বিজেপির সদস্য নন, তাই তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে মুখ্যমন্ত্রী গোরক্ষপুরে মেট্রো চালাতে পারেননি, যিনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন, তার কাছ থেকে জনগণ কী আশা করবে?’   

অখিলেশ যাদব বলেন, গোরখপুরের সবকটি আসনেই জিতবে সমাজবাদী পার্টি। উত্তর প্রদেশের ৮০ শতাংশ মানুষ আমাদের সঙ্গে আছে। এবার সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জনগণ। তিনি বলেন,  বিজেপি ইতোমধ্যেই হিট উইকেট হয়েছে, রান আউট হয়েছে, প্যাভিলিয়ন থেকে বেরিয়ে গেছে।

তিনি বলেন, খুব শিগগিরই সমাজবাদী পার্টির ইশতেহার প্রকাশ করা হবে। ২০১২ সালের ইশতেহারের মতো শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক প্রকল্প ইত্যাদি বিষয়ে  খেয়াল রাখা হবে। 

বিদ্যুৎ ইস্যুতে যোগী আদিত্যনাথের সমালোচনা করে অখিলেশ যাদব বলেন, গত পাঁচ বছরে যোগীর মুখ থেকে বিদ্যুৎ কেন্দ্রের নাম কেউ শোনেনি।  কিন্তু সমাজবাদী পার্টির ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ নিয়ে প্রশ্ন তোলেন। অখিলেশ বলেন, আমরা সৌর শক্তি নিয়েও কাজ করব।   

অপরাধমূলক কাজে অভিযুক্তকে টিকিট প্রদান প্রসঙ্গে অখিলেশ বলেন, আমরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে শিখেছি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রসঙ্গত, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার আগে গোরখপুরের এমপি ও গোরখনাথ মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।