উত্তর প্রদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপিকে নির্মূল করবে: কিরণময় নন্দ
https://parstoday.ir/bn/news/india-i102666-উত্তর_প্রদেশের_জনগণ_সিদ্ধান্ত_নিয়েছে_বিজেপিকে_নির্মূল_করবে_কিরণময়_নন্দ
ভারতে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ বলেছেন, উত্তর প্রদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা নির্বাচনে বিজেপিকে নির্মূল করবে। ওই নির্বাচনে বিজেপি গো-হারা হারবে। তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৮, ২০২২ ১৬:৩১ Asia/Dhaka
  • কিরণময় নন্দ
    কিরণময় নন্দ

ভারতে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ বলেছেন, উত্তর প্রদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা নির্বাচনে বিজেপিকে নির্মূল করবে। ওই নির্বাচনে বিজেপি গো-হারা হারবে। তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন।

উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের দূত কিরণময় নন্দ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী উত্তর প্রদেশে অখিলেশের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ও সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।

কিরণময় নন্দ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন, শুধু তৃণমূলের নেত্রী নন, গোটা দেশে বিজেপির বিরুদ্ধে জাতীয় মুখ। আগামী ৮ ফেব্রুয়ারি মমতা উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারে যাবেন বলে জানিয়ে তিনি বলেন,  বিজেপিকে হারাতে অখিলেশ যাদব তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়েছিলেন। মমতা নিজেই এ ব্যাপারে সময় দিয়েছেন। 

কিরণময় নন্দ বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি লক্ষনৌয়ে গিয়ে সমাজবাদী পার্টির দফতরে মমতা-অখিলেশ যৌথভাবে ভার্চুয়াল সভা এবং সংবাদ সম্মেলন করবেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীতেও একইভাবে যৌথ ভার্চুয়াল সভা এবং সংবাদ সম্মেলন করবেন মমতা-অখিলেশ। কিন্তু বারাণসীর সভার দিন এখনও স্থির হয়নি।

তিনি বলেন, উত্তর প্রদেশে কোভিড বিধির অজুহাতে কোনও সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না সমাজবাদী পার্টিকে। বাধ্য হয়েই আমাদের ভার্চুয়াল সভা আর বাড়ি বাড়ি প্রচার করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকার অখিলেশের গতিবিধির উপরে একনাগাড়ে নজরদারি চালাচ্ছে বলেও অভিযোগ করেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৮           

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।