বিজেপি ত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন বিধায়ক জিতেন্দ্র ভার্মা
https://parstoday.ir/bn/news/india-i102896-বিজেপি_ত্যাগ_করে_সমাজবাদী_পার্টিতে_যোগ_দিলেন_বিধায়ক_জিতেন্দ্র_ভার্মা
ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আরও এক বিধায়ক বিজেপি ত্যাগ করেছেন। আজ (রোববার) বিজেপি ত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন আগ্রার ফতেহাবাদের বিজেপি বিধায়ক জিতেন্দ্র ভার্মা।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জানুয়ারি ২৪, ২০২২ ১৬:৫৪ Asia/Dhaka
  • জিতেন্দ্র ভার্মা
    জিতেন্দ্র ভার্মা

ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আরও এক বিধায়ক বিজেপি ত্যাগ করেছেন। আজ (রোববার) বিজেপি ত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন আগ্রার ফতেহাবাদের বিজেপি বিধায়ক জিতেন্দ্র ভার্মা।

সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার পর বিজেপির সমালোচনা করে বিধায়ক জিতেন্দ্র ভার্মা বলেন, 'আমি বিজেপির হয়ে কাজ করেছি কিন্তু তা সত্ত্বেও আমাকে টিকিট দেওয়া হয়নি। বিজেপি বলেছিল, তারা যুবকদের উপরে জোর দেবে কিন্তু ৭৫ বছর বয়সীকে টিকিট দিয়েছে। উত্তর প্রদেশে সরকার গঠন করবে সমাজবাদী পার্টি এবং আমরা  জনগণের কল্যাণে কাজ করব বলেও মন্তব্য করেন জিতেন্দ্র ভার্মা।  

আজই তাঁকে সমাজবাদী পার্টির পক্ষ থেকে আগ্রার জেলা সভাপতি হিসেবে মনোনীত করে নিয়োগপত্র দেওয়া হয়েছে। জিতেন্দ্র ভার্মা বিজেপি ছাড়বেন বলে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। বিজেপি তাঁর টিকিট কেটে বিএসপি থেকে দলে আসা সাবেক বিধায়ক ছোটলাল ভার্মাকে ওই আসন থেকে প্রার্থী করেছে। এরপর থেকে জিতেন্দ্র ভার্মার দল ছাড়ার আলোচনা চলছিল, কিন্তু কিছু কারণে তিনি দলত্যাগ করে অন্যদলে যোগ দিতে পারেননি। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন। ওই ঘটনাকে বিজেপি’র জন্য আরও একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।       

এরআগেও অনেক প্রবীণ নেতা বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। রোশন লাল ভার্মা, ব্রিজেশ প্রজাপতি, ভগবতী প্রসাদ সাগরসহ অনেক বিধায়ক বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। এ ছাড়া বিনয় শাক্য, অবতার সিং ভাদানা, মাধুরী ভার্মা, আর কে শর্মা এবং ধরম সিং সাইনিও বিজেপি ত্যাগ করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৪     

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।