কেন্দ্রীয় সরকার ভারতের ঐতিহ্য নষ্ট করছে : মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, ‘আজকে ইতিহাস-ভূগোল সব ভুলিয়ে দিচ্ছে। দেশের পরম্পরা ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে।’
তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘একশো দিনের টাকা কমিয়ে দিয়েছে! গরীব লোকগুলো একশো দিনের কাজ করে, এর পরিবর্তে কটা মাত্র টাকা পায় তাই দিয়ে তারা সংসার চালায়। কমাতে কমাতে এমন করে দিয়েছে যে, এবারের বাজেটে আর টাকাই নেই! বিজেপির সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না। ঘেউ ঘেউ করলে ভয়ে পালালে হবে না। তুমি ঘেউ ঘেউ করলে পাল্টা আমি ঘেউ ঘেউ করে দেখাব কোনোটা সরল আর কোনটা শক্ত।’
তিনি বলেন, ‘পিএম কেয়ার্স থেকে কোটি কোটি টাকা তুলে নিল। ক্যাগ (সিএজি) সেটা হিসাবে আনবে না। সিএসআরের টাকাও সব নিয়ে নিয়েছে। কয়েক লাখ কোটি টাকা তুলে নিয়ে বসে আছে, সরকারের সব টাকা। টাকা ছাড়া আর ওদের কিচ্ছু নেই। টাকা, ‘ইডি’, আর ‘সিবিআই’- বিজেপির তিন রত্ন। ইডি-সিবিআই আর অর্থ, আর বাদবাকি সবটাই অনর্থ।’
আজ (বুধবার) তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় দলের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘তুমি বিজেপিকে হটাতে পারবে। তুমি যদি বাংলা থেকে চল্লিশ বছরের গোত্তা খাওয়া সিপিএমকে হারাতে পারো। তাহলে বিজেপিকেও হারানো যাবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।