উত্তর প্রদেশে বিজেপি এবার নির্মূল হবে: অখিলেশ যাদব
ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এবার নির্মূল হবে। বিজেপির চেয়ে বেশি মিথ্যা কথা বলা দল আর নেই। তিনি আজ (সোমবার) সাহারানপুর জেলায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
অখিলেশ যাদব বলেন, ‘রাজ্যে যে হাওয়া চলছে তাতে এবার পরিবর্তনের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ পরিবর্তন চাচ্ছে। বিশেষ করে কৃষক, তরুণ, ব্যবসায়ীসহ প্রত্যেক শ্রেণির মানুষ রাজ্যে পরিবর্তন চাচ্ছে। প্রথম দফার নির্বাচনে যে পরিবেশ দেখা যাচ্ছে তাতে আমি বলতে পারি এবার উত্তর প্রদেশ থেকে বিজেপি নির্মূল হয়ে যাবে।’
বিজেপি শাসিত উত্তর প্রদেশ সম্পর্কে অখিলেশ বলেন, ‘দেশে বর্তমানে সবচেয়ে বেশি নারী অসুরিক্ষত হল উত্তর প্রদেশে। দেশের মধ্যে মহিলা কমিশনে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে উত্তর প্রদেশে। হেফাজতে মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে উত্তর প্রদেশে। জাতীয় মানবাধিকার কমিশন সবচেয়ে বেশি নোটিশ দিয়েছে উত্তর প্রদেশকে, সবচেয়ে বেশি ফেক এনকাউন্টার হয়েছে উত্তর প্রদেশে। কৃষক আন্দোলনের সময়ে বহু কৃষকের বিরুদ্ধে ভুয়া মামলা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আপনারা সকলেই দেখেছেন, কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আন্দোলনরত কৃষকদের উপরে গাড়ি চাপা দিয়েছিল। সরকার তাকে রক্ষা করতে চাচ্ছে। বিজেপি বিভিন্ন ইস্যুতে একনাগাড়ে মিথ্যা কথা বলছে।’
অখিলেশ যাদব আজ বলেন, ‘আমার সম্পূর্ণ আস্থা রয়েছে যে, এবার সাহারানপুরের জনগণ সমাজবাদী পার্টি ও আরএলডি’র সমস্ত প্রার্থীদেরকে ভোট দিয়ে ঐতিহাসিক ভাবে জয়ী করার কাজ করবেন।
উত্তর প্রদেশে মোট ৪০৩টি আসনের জন্য সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার নির্বাচন হবে ১০ ফেব্রুয়ারি এবং এর সূচনা হবে পশ্চিম উত্তর প্রদেশ থেকে। ভোট গণনা হবে ১০ মার্চ।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।