সমস্ত আঞ্চলিক দল মিলে দিল্লি থেকে বিজেপিকে হঠিয়ে দেবো : মমতা
-
ভারতের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সমস্ত আঞ্চলিক দল মিলে যৌথভাবে দিল্লি থেকে বিজেপিকে হঠিয়ে দেবো। বিজেপি প্রথমে ক্ষমা প্রার্থনা করুক, তারপরে ভোট চাইবে।
উত্তর প্রদশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবের সঙ্গে যৌথভাবে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘সমস্ত আঞ্চলিক দল মিলে যৌথভাবে দিল্লি থেকে বিজেপিকে হঠিয়ে দেবো, এটা আমাদের প্রতিশ্রুতি। উত্তর প্রদেশে সবাই জোট বদ্ধ হন তাহলে বিজেপি পালিয়ে যাবে। উত্তর প্রদেশ থেকে যদি বিজেপিকে হঠিয়ে দেন তাহলে দেশ থেকেও আমরা হঠিয়ে দেবো।’
মমতা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, ‘এতবছর ধরে আপনারা দিল্লিতে ক্ষমতায় আছেন, আপনারা উত্তর প্রদেশে ক্ষমতায় আছেন। ক্ষমতায় থেকে আপনারা গুলি চালাচ্ছেন! ধ্বংস করছেন। মা-বোনেদের কী হয়েছে আমাদের বলার প্রয়োজন নেই, ইতিহাসই তা বলবে। প্রথমে ক্ষমা প্রার্থনা করো, তারপরে ভোট চাইবে। হাথরসে কী হয়েছিল? ইতিহাস কখনও ক্ষমা করবে না। প্রথমে ক্ষমা প্রার্থনা করো। উন্নাওতে কী হয়েছিল? এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) নিয়ে কত লোক মারা গিয়েছিল? ক্ষমা প্রার্থনা করো।’
উত্তর প্রদেশে ক্ষমতাসীন যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে মমতা বলেন, ‘কোভিডের সময়ে পশ্চিমবঙ্গের মালদহে গঙ্গা নদীতে উত্তর প্রদেশের বহু লাশ পাওয়া গিয়েছিল। আমরা সেসব লাশকে উদ্ধার করে সম্মানের সঙ্গে শেষকৃত্য করেছি। ক্ষমা প্রার্থনা করুন, কত লাশকে আপনারা গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছিলেন? কোথায় ছিলেন তখন? আপনারা পানিতে আগুন জ্বালিয়েছিলেন! শ্মশানে পোড়ানোর জন্য আপনাদের কাছে জ্বালানি ছিল না?’
উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনে সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার জন্য এবং তাদেরকে জয়ী করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যবাসীর উদ্দেশ্যে জোরালো আবেদন জানান।#
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।