বিজেপি ব্যবসায়ী ও যুব সমাজকে ধ্বংস করেছে: অখিলেশ যাদব
ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপি ব্যবসায়ী ও যুব সমাজকে ধ্বংস করেছে। উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের মধ্যে আজ (রোববার) ‘আজতক’ হিন্দি গণমাধ্যমে এসপি প্রধান অখিলেশ যাদবের ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
তিনি বলেন, বিজেপির লোকেরা গরীবদের হাত থেকে টাকা কেড়ে নিয়ে নিজেদের ভাণ্ডার ভরে চলেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে অখিলেশ আরও বলেন, ‘বাবা’ বন্যায় কষ্ট পান, কিন্তু ষাঁড় নিয়ে নয়। তিনি বলেন, বাবাজির ছেড়ে রাখা পশু কৃষকদের অনেক কষ্ট দিচ্ছে, ষাঁড় প্রতিদিন রাস্তায় মানুষের উপর হামলা করছে। এসপি সরকার রাজ্যে ক্ষমতায় এলে ষাঁড়ের আক্রমণে প্রাণ হারানো পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে।
রাজ্যে বেওয়ারিশ গবাদি পশুর পাল ফসলের খেত নষ্ট করে দেওয়ায় বিষয়টি নির্বাচনী ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেই প্রসঙ্গে অখিলেশ ওই মন্তব্য করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসপি প্রধান অখিলেশ যাদব বলেন, এখনও পর্যন্ত তিনি বিজেপির মতো কোনও দলকে মিথ্যা বলতে দেখেননি। এই দলে একজন ছোট নেতা ছোট মিথ্যা বলেন আর বড় নেতা বড় মিথ্যা বলেন। বলরামপুরে এক সমাবেশে অখিলেশ বলেন, সম্প্রতি এক শিল্পপতি ২৮টি ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে পালিয়েছে। তিনি অন্য কোথাও থেকে নয়, বরং, গুজরাটের। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গুজরাটের বাসিন্দা। শ্রী মোদি একসময়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ও শাহ স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন।
অখিলেশ যাদব উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেন, ‘বাবা’ সবার সাথে বলছেন তিনি গরম বের করে দেবেন, কিন্তু ৪ দফার নির্বাচনে লোকেরা তাদের গরম বের করে দিয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।