পশ্চিমবঙ্গে বিজেপির ডাকা বনধে বিক্ষিপ্ত গোলযোগ, গ্রেফতার, ‘নিষ্ফলা’ বলল তৃণমূল
https://parstoday.ir/bn/news/india-i104512-পশ্চিমবঙ্গে_বিজেপির_ডাকা_বনধে_বিক্ষিপ্ত_গোলযোগ_গ্রেফতার_নিষ্ফলা’_বলল_তৃণমূল
ভারতের পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনে অনিয়ম, সন্ত্রাস ইত্যাদির অভিযোগে বিজেপির ডাকা বাংলা বনধকে কেন্দ্র করে বিক্ষিপ্ত গোলযোগের ঘটনা ঘটেছে। আজ (সোমবার) সকাল থেকে ১২ ঘণ্টার জন্য বনধের ডাক দেয় বিজেপি। রাজ্যে গতকাল (রোববার) ১০৮টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১২:০২ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে বিজেপির ডাকা বনধে বিক্ষিপ্ত গোলযোগ, গ্রেফতার, ‘নিষ্ফলা’ বলল তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনে অনিয়ম, সন্ত্রাস ইত্যাদির অভিযোগে বিজেপির ডাকা বাংলা বনধকে কেন্দ্র করে বিক্ষিপ্ত গোলযোগের ঘটনা ঘটেছে। আজ (সোমবার) সকাল থেকে ১২ ঘণ্টার জন্য বনধের ডাক দেয় বিজেপি। রাজ্যে গতকাল (রোববার) ১০৮টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী কোলকাতায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। বনধে কোনও প্রভাব পড়েনি সরকারি দফতরে। রাজ্য সচিবালয় নবান্নে উপস্থিতির হার স্বাভাবিক রয়েছে।  

বিজেপির ডাকা বনধ প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, ‘এটা একটা অর্থহীন, নিষ্ফলা একটা বনধ। এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনার একটা প্রমাণ। কোলকাতায় কোথাও কোনও বনধের চেহারা চোখে পড়ছে না। কোলকাতা শহরে বনধ না হলে, বনধ আর কী হল।’

অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, ‘বিজেপির পক্ষ থেকে আমরা নৈতিকভাবে বনধের সমর্থন করি না। কিন্তু পশ্চিমবাংলায় এছাড়া কোনও রাস্তা থাকে না। নিরুপায় হয়ে বনধ ডাকতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একসময়ে বনধের রাজনীতিকে জনপ্রিয় করেছিলেন। ৭৫/৭৬ বার বনধ ডেকেছিলেন। আজকে বলছেন বনধ চলবে না। একসময়ে মহাসড়ক বন্ধ করে দিয়ে উনি ক্ষমতায় এসেছিলেন।’  

আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী-সমর্থকরা সড়ক ও রেল অবরোধের পাশাপাশি দোকানপাট বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে, কুচবিহার শহরে আজ সকালে রাজ্যের শাসকদল তৃণমূলের শ্রমিক সংগঠন বনধের বিরুদ্ধে মিছিল করে। মিছিলের নেতৃত্বে ছিলেন ‘আইএনটিটিইউসি’র জেলা সভাপতি পরিমল বর্মন। বীরভূম জেলার দুবরাজে বনধের বিরোধিতা করে দুবরাজপুর শহর তৃণমূলের পক্ষ থেকে মিছিল করা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা বাজারে বনধের বিরুদ্ধে তৃণমূল নেতা শওকত মোল্লার নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ কোলকাতার খিদিরপুর, বেহালা, হাজরা, যাদবপুর প্রভৃতি জায়গায় বিজেপি সমর্থকরা বনধের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করতে মাঠে নামলে পুলিশের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। আজ পায়রাডাঙা, হুগলী ষ্টেশনসহ অন্যত্র রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। দুর্গাপুর বাজারে পুলিশের সঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই এবং কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হওয়ার পরে পুলিশ বিজেপি বিধায়কসহ কয়েকজনকে গ্রেফতার করে।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।