আনিস খান হত্যার প্রতিবাদে কোলকাতায় মিছিল: সংখ্যালঘু যুব ফেডারেশনের হুঁশিয়ারি
ভারতের পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খান হত্যার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে কোলকাতায় মিছিল করেছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)।
এ প্রসঙ্গে আজ সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান রেডিও তেহরানকে বলেন, ‘আনিস খুনে প্রকৃত অপরাধী রাঘববোয়ালরা এখনও অধরা রয়ে গেছে। পুলিশ প্রশাসন বারবার এই রাঘববোয়ালদের আড়াল করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১৫ দিনের মধ্যে তারা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে প্রকাশ্যে নিয়ে আসবে। আজ ১১ দিন কেটে গেল। আর চারদিন বাকি। এই ১৫ দিনের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে গোটা বিষয়টি সামনে না এলে এবং খুনের পিছনে যারা জড়িত সেই রাঘববোয়ালদের গ্রেফতার না করা হলে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন কোলকাতায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। আজকে বর্ধমান, গতকাল মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় সংখ্যালঘু যুব ফেডারেশনের বিক্ষোভ আন্দোলন চলছে। আমরা ১৫ দিন পার হয়ে যাওয়ার পরে বৃহত্তর আন্দোলন কোলকাতায় সংগঠিত করতে বাধ্য হবো।’
আজ মঙ্গলবার পূর্ব বর্ধমানের সেহারা বাজারে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে সাবেক ছাত্র নেতা আনিস হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ দিন কর্ণাটকের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্নস্থানে ‘হিজাব’ অবমাননার তীব্র নিন্দা জানানো হয়।
আজকের প্রতিবাদ সভার আয়োজক ছিলেন, সংখ্যালঘু যুব ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সফিকুল ইসলাম দুলাল। ওই প্রতিবাদ কর্মসূচিতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামানের পাশাপাশি সংগঠনের সহ-সম্পাদক বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক আলি আকবর, জসিম উদ্দিন মোল্লা ও অন্যরা বক্তব্য রাখেন।
ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির প্রতিষ্ঠিত ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) পক্ষ থেকে আজ কোলকাতার শিয়ালদহ এলাকা থেকে আনিস খান হত্যার প্রতিবাদে মিছিল শুরু হয়ে এটি ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যায়। কঠোর পুলিশি প্রহরায় মিছিলটি কোলকাতার বিভিন্ন এলাকা অতিক্রম করে।
প্রতিবাদ মিছিল প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘আনিসের পরিবার তার মৃত্যুর ‘সিবিআই’ তদন্ত চেয়েছেন। যে পুলিশ তার হত্যায় অভিযুক্ত, তারা কীভাবে আনিসের মৃত্যুর তদন্ত করে অপরাধীকে শাস্তি দেবে? আমরা চাই, আনিস সুবিচার পাক। তার পরিবারের দাবি পূরণ হোক।’
তিনি আরও বলেন, ‘রাজ্যের প্রশাসন ও শাসকদলের নেতারা নিহত আনিসের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার মৃত্যুর সিবিআই তদন্ত ও সম্মানহানির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলাম। আমাদের দাবি সরকারকে মানতেই হবে।’
গত ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে পুলিশের পোশাক পরে আসা চারজন আনিস খানের বাড়িতে জোর করে ঢুকে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কোলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আনিস খান ‘এনআরসি’ ইস্যু এবং বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ ছিলেন। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।