পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুলভোটে জয়ী
https://parstoday.ir/bn/news/india-i104632-পশ্চিমবঙ্গে_পৌরসভা_নির্বাচনে_তৃণমূল_কংগ্রেস_বিপুলভোটে_জয়ী
ভারতের পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিপুলভোটে জয়ী হয়েছে। ১০৮টি পৌরসভার মধ্যে ১০২টিতেই জয়ী হয়েছে তৃণমূল। রাজ্যের প্রধান বিরোধীদল হিন্দুত্ববাদী ‘বিজেপি’ একটি পৌরসভাতেও সফল হতে পারেনি।   
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০২, ২০২২ ১৫:০৫ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুলভোটে জয়ী

ভারতের পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিপুলভোটে জয়ী হয়েছে। ১০৮টি পৌরসভার মধ্যে ১০২টিতেই জয়ী হয়েছে তৃণমূল। রাজ্যের প্রধান বিরোধীদল হিন্দুত্ববাদী ‘বিজেপি’ একটি পৌরসভাতেও সফল হতে পারেনি।   

রাজ্যে ঝালদা, বেলডাঙা, এগরা এবং চাঁপদানি অর্থাৎ ৪টি পৌরসভায় ত্রিশঙ্কু ফল হয়েছে। সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট তাহেরপুরে অর্থাৎ তারা একটিমাত্র পৌরসভায় জয়ী হয়েছে। একটি পৌরসভায় অন্যান্যরা জয়ী হয়েছে। 

পৌর নির্বাচনে বিপুল জয়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মা-মাটি-মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা। জয়ী প্রার্থীদের সকলকে অভিনন্দন জানাই। আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা আরও বেড়ে গেল। আসুন সবাই মিলে উন্নয়নের লক্ষ্যে কাজ করি।     

এদিকে,  মাত্র ছ’মাস আগে অজয় এডওয়ার্ডের নেতৃত্বে গঠিত হওয়া ‘হামরো  পার্টি’ দার্জিলিং পৌরসভা দখল করতে সমর্থ হয়েছে। এখানে হামরো পার্টি ১৮, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৮, গোর্খা জনমুক্তি মোর্চা ৪ এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে ২টি আসন। পৌর নির্বাচনে এই ফল থেকে পাহাড়ের রাজনীতির সমীকরণ ফের অন্য কথা বলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘বাংলার মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আমি মানুষের আশীর্বাদ নিয়ে উত্তর প্রদেশে যাচ্ছি। মানুষকে  কৃতজ্ঞতা। কিছু বুথে ইভিএম নিয়ে সমস্যা হয়েছে। গতকাল দুই জায়গায় পুনর্নিবাচন হয়েছে। কোথাও কিছু ঘটেনি, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন।’  

‘এই বিপুল ভোটে জয় আমাদের মানুষের কাজ করতে এগিয়ে দেবে। যত জিতব, ততই যেন আমরা নম্র হই’ বলেও মন্তব্য করেন তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।