ইউক্রেন থেকে আগেভাগে শিক্ষার্থীদের ফিরিয়ে আনলে বাঙ্কারে থাকতে হতো না : মমতা
https://parstoday.ir/bn/news/india-i104634-ইউক্রেন_থেকে_আগেভাগে_শিক্ষার্থীদের_ফিরিয়ে_আনলে_বাঙ্কারে_থাকতে_হতো_না_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের দুর্ভোগ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী তিন মাস আগে থেকে সবকিছু জানতেন। তাহলে ছাত্র-ছাত্রীদের আগেভাগে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হলো না কেন? তাহলে তো ছেলে-মেয়েগুলো বাঙ্কারে শুয়ে কাঁদত না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০২, ২০২২ ১৫:২২ Asia/Dhaka
  • ইউক্রেন থেকে ফিরছে ছাত্র-ছাত্রীরা
    ইউক্রেন থেকে ফিরছে ছাত্র-ছাত্রীরা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের দুর্ভোগ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী তিন মাস আগে থেকে সবকিছু জানতেন। তাহলে ছাত্র-ছাত্রীদের আগেভাগে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হলো না কেন? তাহলে তো ছেলে-মেয়েগুলো বাঙ্কারে শুয়ে কাঁদত না।

তাদেরকে রোমানিয়ার সীমান্তে দাঁড়িয়ে থাকতে হতো না। আর দুটো খাদ্য খুঁজতে গিয়ে তার জীবটাও চলে যেত না। তিনি আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী বলেন, যে সরকারে থাকবে তার দায়িত্ব, দায়বদ্ধতা তাদেরকে ফিরিয়ে আনার। সেখানে গিয়ে ভাষণ দেওয়া হচ্ছে! আমি দেখলাম ওখানে গিয়ে আবার অসামরিক  বিমান পরিবহণ মন্ত্রী ভাষণ দিচ্ছেন! এটা শোভা পায় না।   

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরাতে অপারেশন গঙ্গানামের কর্মসূচি নিয়েছে ভারত সরকার। তাদের উদ্ধারে তদারকি করতে ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলোতে পাঠানো হয়েছে চার মন্ত্রীকে। কিন্তু কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে উদ্যোগ নিতে দেরি করে ফেলেছে বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।     

মমতা আজ বলেন,  ‘আমি কোনও দেশের বিরুদ্ধে নই, সব দেশের পক্ষে। একটা  কোভিড যুদ্ধ মানুষকে শেষ করে দিয়েছে গত দুবছর ধরে। আবার যদি একটা যুদ্ধ হয়ে সব ধ্বংস হয়ে যায় তাহলে তার সবটাই চুকাতে হবে সাধারণ মানুষকে। নোট বাতিল, কোভিড থেকে শুরু করে অনেক যুদ্ধ আমরা দেখেছি। আর কত যুদ্ধ সারা পৃথিবী দেখবে? সকলের সঙ্গে কথা বলে সবাইকে শান্তির রাস্তায় ফিরিয়ে আনার শক্তি ভারতের এখনও রয়েছে বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।