উত্তর প্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করার আহ্বান জানালেন মমতা
https://parstoday.ir/bn/news/india-i104712-উত্তর_প্রদেশ_থেকে_বিজেপিকে_উৎখাত_করার_আহ্বান_জানালেন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উত্তর প্রদেশ থেকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ (বৃহস্পতিবার) উত্তর প্রদেশের বারাণসীতে সমাজবাদী পার্টির জোটের সমর্থনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৩, ২০২২ ১৫:৪৯ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উত্তর প্রদেশ থেকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ (বৃহস্পতিবার) উত্তর প্রদেশের বারাণসীতে সমাজবাদী পার্টির জোটের সমর্থনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই আহ্বান জানান।

মমতা বলেন, ‘মনে রাখবেন বিজেপি যে পাপ করেছে, সেই পাপ ধুয়ে ফেলা যাবে না। বিজেপিকে এক ধাক্কা দিন, আর গোটা উত্তর প্রদেশ (ইউপি) থেকে ছুঁড়ে ফেলে দিন। ওরা কোভিডের সময়ে আমাদের ভাই-বোনেদের লাশকে (গঙ্গায়) ছুঁড়ে ফেলেছিল,  তাদের এবার রাজনীতি থেকে ছুঁড়ে ফেলুন, ভোটের মধ্যদিয়ে ফেলে দিন। আরও একটি ধাক্কা দিন, আরও একটা নাড়া দিন যাতে ওরা বুঝতে পারে যে বিষয়টা এত সোজা নয়।  

মমতা বিজেপিকে টার্গেট করে বলেন,  ‘বিজেপি তুমি দেখে নাও, গোটা দেশ তোমাদের বিরুদ্ধে। গোটা দেশের নওজওয়ান তোমাদের বিরোধী, গোটা দেশের মা-বোনেরা  তোমাদের বিরোধী। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘যদি আপনারা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও তার জোটকে জয়ী করতে পারেন, তাহলে ২০২৪ সালে নরেন্দ্র মোদির সরকার থাকবে না, থাকবে না, থাকবে না।

মমতা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথের তীব্র কটাক্ষ করে বলেন, অখিলেশ আপনাদের ঘরের ছেলে, জয়ন্ত আপনাদের ঘরের ছেলে, আপনারা আপনজনদের জয়ী করবেন, না মিথ্যেবাদীদের জয়ী করবেন? কী দেবেন যোগী? ও তো যোগী, নামেই যোগী। কিন্তু কাজে উনি ভোগী! কেবল ভোগ করেন  উনি। ওনাকে ভোট দিলে কিছুই পাওয়া যাবে না’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিজেপিশাসিত উত্তর প্রদেশে মোট সাত দফায় ৪০৩টি আসনে বিধানসভা নির্বাচন হচ্ছে। এরইমধ্যে ষষ্ঠ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ৭ম ও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মার্চ। ফল ঘোষণা হবে ১০ মার্চ। #     

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।