ইলেকশন মেশিনারির জোরে বিজেপি কয়েকটি রাজ্যে জিতেছে: মমতা
https://parstoday.ir/bn/news/india-i105074-ইলেকশন_মেশিনারির_জোরে_বিজেপি_কয়েকটি_রাজ্যে_জিতেছে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, ইলেকশন মেশিনারির জোরে কয়েকটি রাজ্য জিতে বিজেপি ২০২৪ সালের বাজনা বাজাতে শুরু করেছে। তিনি আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১১, ২০২২ ১৬:২৭ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়
    সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, ইলেকশন মেশিনারির জোরে কয়েকটি রাজ্য জিতে বিজেপি ২০২৪ সালের বাজনা বাজাতে শুরু করেছে। তিনি আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

সম্প্রতি পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে চারটিতেই বিজেপি জয়ী হওয়ায় আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জয় সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে। গণমাধ্যমে প্রকাশ, গতকাল (বৃহস্পতিবার) ফল প্রকাশের পরেই প্রধানমন্ত্রী দলীয় সদর দফতর থেকে বলেন, উত্তর প্রদেশের ফলে স্পষ্ট ২০২৪-এ ফের ক্ষমতায় আসছে বিজেপি।

এ সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘শুধুমাত্র ইলেকশন মেশিনারির জোরে, কেন্দ্রীয় এজেন্সির জোরে ও সম্পূর্ণ একনায়কতন্ত্রের জোরে কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে এবং ২০২৪ সালের বাজনা বাজাতে শুরু করেছে।’  

তিনি বলেন, বিজেপি যে বড় বড় হামবড়া ভাব করছে, কিন্তু এখানে গোহারা হেরে ওদের লজ্জা নেই! বাজেট পর্যন্ত পড়তে দিচ্ছে না বিজেপি বিধায়করা। কোনোকিছু করার ক্ষমতা নেই, হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। ওদের নিজের ওয়ার্ডে জেতার ক্ষমতাও নেই।’     

মমতা আজ কেন্দ্রীয় সরকার সম্পর্কে বলেন, কেন্দ্রের কাছে আমরা আমাদের প্রাপ্য ৯০ হাজার কোটি টাকার বেশি পাবো। কেন্দ্রীয় সরকার এসব টাকা দিচ্ছে না।

তিনি বলেন, শুধু বাংলাই সরকারি কর্মচারীদের পেনশন দেয়। আর কোনও রাজ্যই সরকারি কর্মীদের পেনশন দেয় না। বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় আছে সেসব রাজ্যে পেনশন দেওয়া হয় না। ‘চোরের মায়ের বড় গলা’, বড় বড় ভাষণ! এরপর আবার গ্যাস-পেট্রোলের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার। অর্থনীতির বেহাল অবস্থা, মানুষের হাতে টাকা নেই বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/১১