উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে উপনির্বাচন : ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i105346-উচ্চ_মাধ্যমিক_পরীক্ষার_মধ্যে_উপনির্বাচন_ক্ষুব্ধ_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচন কমিশনের উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০২২ ১৫:২৫ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচন কমিশনের উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।

রাজ্যে আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। গত ১২ মার্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।   

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘পরীক্ষা যত তাড়াতাড়ি হয়ে যায় ছাত্রছাত্রীরা ততটা রিলিফ পায়। যদি পাঁচ রাজ্যে নির্বাচনের সময়ে আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচন করে নেওয়া হতো একইসাথে তাহলে এই সমস্যার মুখোমুখি হতে হতো না। কিন্তু নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনগুলোকে গুরুত্বই দেয় না। কেন দেয় না আমি জানি না।’

মমতা বলেন, যেহেতু ১২ এপ্রিল নির্বাচন দিয়ে দিয়েছে, সেজন্য কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করবে। কেন্দ্রীয় বাহিনী আসলে তারা এলাকায় এলাকায় স্কুলে থাকে। যত নির্বাচনী বুথ স্কুলগুলোতে হয়। কিন্তু স্কুলগুলোতে উচ্চমাধ্যমিক পরীক্ষারও সিট পড়বে। তাহলে একসাথে কীভাবে হবে? পুলিশের থাকা ও নির্বাচনী বুথ, পরীক্ষার সময়ে নির্বাচনী প্রচারে ছেলে-মেয়েদের পড়াশোনায় অসুবিধা হয়। এই বিষয়গুলো আমাদের দায়িত্বশীল লোকেদের মনে রাখা উচিত। আমাদের সরকার দায়িত্ব নিয়ে মুখ্যসচিব নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন। কিন্তু তারা সাফাই দিয়েছেন ৬ মাসের মধ্যে উপনির্বাচন করতে হয়। কিন্তু এখানকার পরিস্থিতি এবং পরীক্ষার বিষয় জেনে নিয়ে পাঁচ রাজ্যে যে নির্বাচন হল, সেসময়ে উপনির্বাচন হলে কোনও সমস্যা হতো না।’

মমতা নির্বাচন কমিশনের উপরে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বালিগঞ্জে নির্বাচন দিয়েছে, তার সঙ্গে মানিকতলা দিয়ে দিতে পারত। মানিকতলাতেও তো উপনির্বাচন করতে হবে। তার মানে কী খেপে খেপে, খুপে খুপে, বিজেপির কথায় ছুপে ছুপে বিজেপি যেদিন বলবে সেদিন করবে। সেই সময়ে উৎসবের সময়। অন্নপূর্ণা পুজো, পয়লা বৈশাখ আছে, এ গুলোতো মাথায় রাখতে হবে। কিন্তু তার মধ্যেই নির্বাচন ঢুকিয়ে দিয়েছে। ভাবছে দাঙ্গা করে, বা দাঙ্গা লাগিয়ে দিয়ে বা ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি করে নিজেদের ইচ্ছেমত তারিখ ঠিক করে নির্বাচন করবে। করুন, আমাদের কোনও আপত্তি নেই। আমরা যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছি’  বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।