রামপুরহাটে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান, চাকরির প্রতিশ্রুতি দিলেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং একইসঙ্গে নিহতদের পরিবার পিছু একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
গত (সোমবার) দিবাগত রাতে পশ্চিমবঙ্গের রামপুরহাটে ভাদু শেখ নামে এক তৃণমূল নেতা নিহত হওয়াকে কেন্দ্র করে একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও সহিংস ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন। তিনি এ সময়ে সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে নিহতদের পরিবারের সদস্যদের সামনে বলেন, ‘জীবনের বিকল্প কখনও চাকরি হয় না। আমি জানি এটা। তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। যে চলে যায় তাঁর পরিবারগুলো কী করবে? তার পরিবারগুলোকে দেখতে হয় এটা আমাদের মানবিক কর্তব্য। আমি যেটা ঠিক করেছি আপাতত ওরা বাড়িগুলো তৈরি করার জন্য এক লাখ টাকা করে দিক। আর পাঁচ লাখ টাকা করে আপনাদের হাতে দিক। আপনারা যে পরিবারগুলোর কথা বলেছেন, সেসব পরিবারের ১০ জনকে একটা করে চাকরি আমরা করে দেবো। তার কারণ পরিবারগুলো চলবার জন্য। আমরা এমন শাস্তি দেখতে চাই যে, যাতে কোনোদিন এ ধরণের কিছু কেউ না করতে পারে। এদের দেখে শিক্ষা নেবে যাতে অন্যরা কেউ এরকম না করতে পারে। সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও যেখানে বোমা ও যন্ত্রপাতি আছে সব উদ্ধার করতে হবে। যে পুলিশ সক্রিয়ভাবে কাজ করবে তাকে সালাম জানাবে, যে সক্রিয়ভাবে কাজ করবে না, উপভোগ করে বেড়াবে তাকে পুলিশে চাকরি করার দরকার নেই।’ মুখ্যমন্ত্রী এদিন ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের জন্য প্রথমে এক লাখ টাকা করে ঘোষণা করলেও পরে স্থানীয়দের দাবির মুখে তা বাড়িয়ে দু’লাখ টাকা করার কথা ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রীর আজ নিজের কোটা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার কথা বলেন। প্রথমে তাদেরকে গ্রুপ ডি অ্যাটেনডেন্ট হিসাবে কাজ করতে হবে। প্রথম একবছর তারা ১০ হাজার টাকা করে বেতন পাবেন। পরের বছর তারা স্থায়ী হবে। প্রত্যেকের চাকরির পোস্টিং নিজের এলাকাতেই হবে বলেও মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।