রামপুরহাটে সহিংসতা: সিবিআই তদন্তের নির্দেশ দিল কোলকাতা হাইকোর্ট
https://parstoday.ir/bn/news/india-i105646-রামপুরহাটে_সহিংসতা_সিবিআই_তদন্তের_নির্দেশ_দিল_কোলকাতা_হাইকোর্ট
ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটে সহিংস ঘটনার ‘সিবিআই’ তদন্তের নির্দেশ দিল কোলকাতা হাইকোর্ট। আজ (শুক্রবার) সকালে হাইকোর্ট ওই নির্দেশ দিয়েছে। এরফলে রাজ্য সরকার ওই ঘটনায় যে বিশেষ তদন্ত টিম বা ‘সিট’ গঠন করেছিল তারা আর তদন্ত করতে পারবে না। আগামী ৭ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা ‘সিবিআই’কে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ২৫, ২০২২ ০৮:৩৭ Asia/Dhaka
  • ২১ মার্চ রাতে বগটুই গ্রামের  ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়
    ২১ মার্চ রাতে বগটুই গ্রামের ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়

ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটে সহিংস ঘটনার ‘সিবিআই’ তদন্তের নির্দেশ দিল কোলকাতা হাইকোর্ট। আজ (শুক্রবার) সকালে হাইকোর্ট ওই নির্দেশ দিয়েছে। এরফলে রাজ্য সরকার ওই ঘটনায় যে বিশেষ তদন্ত টিম বা ‘সিট’ গঠন করেছিল তারা আর তদন্ত করতে পারবে না। আগামী ৭ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা ‘সিবিআই’কে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।  

গত ২১ মার্চ রাতে বোমা হামলায় বগটুই গ্রামে রামপুরহাট-১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখ নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার কমপক্ষে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরফলে ভয়াবহ ওই সহিংসতায় শিশু ও নারীসহ কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়। ঘটনার তদন্তে রাজ্য সরকারের পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ তদন্ত টিম বা ‘সিট’গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য পুলিশের উপরে আস্থা রাখতে পারেননি অনেকেই। সে কারণেই কোলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে হাইকোর্ট। ওই ঘটনায় এক সঙ্গে অনেকগুলো মামলা হয়েছে।    

আজ (শুক্রবার) হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সমন্বিত বেঞ্চ জানায়, ‘আমরা ওই ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করেছি। মামলার পরিস্থিতি বিবেচনা করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, এই মামলা ‘সিবিআই’কে দেওয়া প্রয়োজন। সমাজে বিচারব্যবস্থা এবং আইনের প্রতি আস্থা ফেরাতেই স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে আনা জরুরি। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে এই মামলাটি সিবিআই-এর হাতে তুলে দিতে চায় আদালত। সেই মোতাবেক রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মামলাটি সিবিআইয়ের হাতে তারা তুলে দিক।’

কোলকাতা হাইকোর্ট

এ প্রসঙ্গে বিজেপি নেত্রী ও কোলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘যদি বীরভূমের মানুষদের সেই বিশ্বাস নিয়ে আসতে হয় তাহলে পুলিশকে দিয়ে তদন্ত করালে কোনও লাভ নেই। আমরা গতকালই দেখেছি মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন কাকে গ্রেফতার করতে হবে, কী ধরণের ধারা তাদের বিরুদ্ধে দিতে হবে। এই পুলিশ যারা দোষী আছে তারা যদি তৃণমূলের নেতা হয়, যদি অনুব্রত মণ্ডলের নাম আসে তাদের ক্ষমতা নেই গ্রেফতার করার। এটা স্পষ্ট। সেজন্য একটা স্বাধীন এজেন্সিকে দায়িত্ব দেওয়া প্রয়োজন।’  

‘যাদের হত্যা করা হ’ল তারা তৃণমূলের হলেও শিশু ও নারীদের কী দোষ ছিল? এ ধরণের অত্যাচার পশ্চিমবঙ্গের বুকে হবে, আর আমরা চুপ করে বসে থাকব এটা হয় না। আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করব? যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত লজ্জার। গোটা দেশের সামনে আমাদর চোখ নীচু হয়ে গেছে এই সরকার ও পুলিশি ব্যবস্থার  জন্য’ বলেও মন্তব্য করেন বিজেপি নেত্রী ও কোলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।      

‘সিবিআই’ তদন্তের নির্দেশ প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র ও সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘আমরা বিরোধিতা করব না। বরং সহযোগিতা করব। কিন্তু যদি দেখা যায়, ন্যায় বিচার হয়নি, যদি দেখা যায় এই নির্দিষ্ট ঘটনার পরিধি ডিঙিয়ে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে বিজেপির কথায় সিবিআই। এবং যদি দেখা যায় বিজেপিকে এবং বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদারদের আড়াল করার চেষ্টা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রতিবাদ হবেই।’#             

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।